দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বিল্ডিং! ধ্বংসস্তূপে চাপা পড়ার আশঙ্কা বহু পড়ুয়ার
প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ভরদুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি। ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা বহু পড়ুয়া আবাসিকের। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল-পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, ৩ জনকে উদ্ধার করা গিয়েছে এখনও পর্যন্ত।
রবিবার দুপুর দেড়টা নাগাদ দিল্লির চাণক্যপুরীর কাছঠে মোতিবাগ এলাকায় ভারী বৃষ্টির জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়িটি। খবর পেতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। পরে আরও বেশ কয়েকটি ইঞ্জিন পাঠানো হয়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বহু স্থানীয় বাসিন্দাও সেই কাজে হাত লাগিয়েছেন বলে দেখা গিয়েছে। গোটা পরিস্থিতি ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। দমকল আধিকারিকরা জানান, ওই ভবনটিতে বহু পড়ুয়া পেইং গেস্ট হিসেবে থাকতেন। রবিবার ছুটির দিন হওয়ায় বহু পড়ুয়াই বাড়িতে ছিলেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ওই বাড়িতে অন্তত ৫০ জন পড়ুয়া ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাশের একটি বাড়ির পেইং গেস্ট পড়ুয়া জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দৌড়ে এসে তিনি বেশ কয়েকজনের আর্তনাদের আওয়াজ শুনতে পেয়েছিলেন।
দিল্লি পুলিশ সূত্রে খবর, এটি মূলত একটি আবাসিক ভবন। সেই বিল্ডিংয়েই অনেক পড়ুয়া ভাড়ায় থাকতেন। পাঁচতলা বাড়িটি ভেঙে পড়ায় ওই আবাসনের বাইরে পার্ক করা গাড়িগুলিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক অনিল শর্মা। তিনি জানান, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠিয়েছেন।