‘আমি বেকার, কোনও কাজ দিতে পারেন?’ নির্বাচন হেরে কীভাবে বিনোদন জগতে ইউটার্ন স্মৃতির
প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের কিশোরীলাল শর্মার কাছে হেরেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আমেঠি কেন্দ্রে হারের পরবর্তী সময় খুব একটা ভালো ছিল না স্মৃতির। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ের কথা তুলে ধরলেন প্রাক্তন মন্ত্রী। তাঁর বয়ানে উঠে এল বিনোদন জগতে আবারও ফিরে আসার কঠিন সিদ্ধান্তের মুহূর্ত।
স্মৃতি দাবি অনুযায়ী, রাজনীতির শীর্ষে ওঠার পর একমুহূর্তে সবকিছু হারিয়ে তিনি বেকার হয়ে যান। তাঁর আর কোনও কাজ ছিল না। এই অবস্থায় সিদ্ধান্ত নেন আবার আমায় বিনোদন দুনিয়ায় ফিরতে হবে। স্মৃতির কথায়, “সেইমতো বিনোদন দুনিয়ায় আমার বন্ধু-বান্ধবদের ফোন করতে শুরু করি। কোথাও কোনও কাজ রয়েছে কিনা তাঁদের কাছে জানতে চাই। সকলকে ফোন করে বলছিলাম, আমার কোনও কাজ নেই। আপনারা কি কেউ আমায় কোনও কাজ দিতে পাড়েন?” স্মৃতি আরও বলেন, “টিভি ইন্ডাস্ট্রিতে যখন পরিবর্তন আসছিল সেই সময় জিও-হটস্টারের ভাইস চেয়ারম্যান উদয় শংকরের কারণে আমি চাকরি হারিয়েছিলাম। কিন্তু আজ তাঁর জন্যই আমি চাকরি পেয়েছি।”
সেই মুহূর্তের স্মৃতি তুলে ধরে ইরানি বলেন, “আমি উদয় শংকরকে ফোন করার পর তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেন সত্যিই আমি টিভি দুনিয়ায় ফিরতে চাইছি কিনা। উত্তরে আমি বলি, আমার কাজের প্রয়োজন। পুরনো জগতে ফিরে যেতে কোনও সমস্যা নেই।” স্মৃতি আরও বলেন, শুটিং সেটে ফিরে আসার পর সেখানকার সকলে আমায় দেখে অবাক হয়েছিলেন। তবে আমার কোনও সমস্যা হয়নি।
উল্লেখ্য, রাজনীতিতে আসার আগে ‘তুলসী ভিরানি’ হিসেবে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন স্মৃতি ইরানি। তবে ২০২৪ সালের লোকসভা ভোটে হারের পর ২০২৫ সালের জুলাই মাসে নিজের আইকনিক চরিত্র ‘কিউ কি সাস ভি কাভি বহু থি ২’-এর মাধ্যমে ফের টেলিভিশন দুনিয়ায় প্রত্যাবর্তন ঘটে প্রাক্তন মন্ত্রীর। দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি।