• ‘গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে সুদ পাবেন না, এফডি করুন’, নারীবিদ্বেষী পোস্টারে ছয়লাপ মেট্রো
    প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • গার্লফ্রেন্ড রেখে তো লাভ নেই। বরং ফিক্সড ডিপোজিট করুন। গোটা চেন্নাই মেট্রো ছেয়ে গিয়েছে এহেন পোস্টারে। তারপর থেকেই প্রশ্ন উঠেছে এইভাবে মহিলাদের পণ্যের মতো প্রচার করার মানসিকতা নিয়ে। মহিলাদের সঙ্গে সম্পর্ক রাখার সঙ্গে আর্থিক ফায়দার কী যোগ, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। গোটা ঘটনায় জড়িয়ে গিয়েছে রাজনীতিও।

    চেন্নাই মেট্রোর এমন আপত্তিকর পোস্টারটি তুলে ধরেছেন ডিএমকে সাংসদ থামিযাজি থাঙ্গাপান্ডিয়ান। এক্স হ্যান্ডেলে শেয়ার করা ওই পোস্টারে লেখা, ‘আপনার গার্লফ্রেন্ড হয়তো ০ শতাংশ ইন্টারেস্ট দেয়। কিন্তু আমাদের সংস্থায় ফিক্সড ডিপোজিট করলে ১৪.৪০ শতাংশ ইন্টারেস্ট পাবেন।’ THECOS নামে একটি সংস্থার তরফ থেকে দেওয়া হয়েছে এই বিজ্ঞাপন। এই বিতর্কিত পোস্টারের ছবি শেয়ার করে তোপ দেগেছেন ডিএমকের এই মহিলা সাংসদ।

    থামিযাজি বলছেন, ‘চেন্নাই মেট্রোজুড়ে এমন এক পোস্টার সাঁটানো হয়েছে যা মহিলাদের একেবারে পণ্যের পর্যায়ে নামিয়ে আনে। মহিলাদের অপমানজনক এমন পোস্টার প্রকাশ করার আগে অবশ্যই সবদিক ভেবে দেখা উচিত। মহিলাদের সম্মান নিশ্চিত করা দরকার।’ মেট্রো কর্তৃপক্ষই বা কী করে এমন পোস্টার প্রচারের অনুমতি দিল? প্রশ্ন তুলেছেন থামিযাজি। দ্রুত এই পোস্টার সরানোর দাবি করেছেন তিনি। আগামী দিনে এমন ঘটনা যেন না ঘটে সেটাও নিশ্চিত করতে বলেছেন।

    বিতর্কিত পোস্টার নিয়ে তোপ দেগেছেন এআইডিএমকে মুখপাত্র কোভাই সাথিয়ানও। বলছেন, “মহিলাদের সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা দেখে আমি স্তম্ভিত। আইন মোতাবেক এই কাজের শাস্তি হওয় উচিত। বিজ্ঞাপনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে। কিন্তু এইভাবে একটা জাতির অবমাননা করে আত্মপ্রচার করা যায় না। কোনও ব্যক্তি বা জাতির পক্ষে অপমানজনক এমন কথা একেবারে বরদাস্ত করা উচিত নয়।”

    বিজ্ঞাপনের মানসিকতা এবং মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা-দুই নিয়েই প্রশ্নের যথেষ্ট অবকাশ রয়েছে। কোন যুক্তিকে মহিলাদের পণ্য হিসাবে তুলে ধরে বিজ্ঞাপন তৈরি হল? কেনই বা নারিবিদ্বেষী এই বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেওয়া হল মেট্রোর মতো জনবহুল স্থানে? জবাব অধরাই।
  • Link to this news (প্রতিদিন)