এক সপ্তাহ ধরে নিখোঁজ! তরুণের খোঁজ মিলল সংশোধনাগারে, চাঞ্চল্য ধুলিয়ানে
প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রায় সপ্তাহখানেক নিখোঁজ তরুণ! মিসিং ডায়েরি করেন পরিবারের সদস্যরা। অবশেষে তরুণের খোঁজ মিলল সংশোধনাগারে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ানে। পরিবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁদের দাবি, ছেলেকে গ্রেপ্তার করা হলে, তাঁদের জানানো হয়নি। থানায় অভিযোগ জানানোর সময়ও পুলিশ কিছু জানায়নি। কেন গ্রেপ্তার তাও স্পষ্ট করে জানানো হয়নি বলেই দাবি পরিবারের। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মদ খাওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তরুণের নাম মফিজউদ্দিন শেখ। বয়স আনুমানিক ২২। তিনি মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, তরুণ গত ২৮ আগস্ট সকাল ৯টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। নিজেরাই প্রাথমিক তল্লাশি শুরু করেন। কিন্তু মফিজউদ্দিনের কোনও খোঁজ মেলেনি। ঘটনার ২ দিন পর ৩০ আগস্ট সামশেরগঞ্জ থানায় নিখোঁজ অভিযোগ জানায় পরিবার। এরপরই ঘটনার চাঞ্চল্যকর মোড়। পরিবার জানিয়েছে, ৪ সেপ্টেম্বর রাতে পুলিশ মারফত তাঁরা জানতে পারেন মফিজউদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। আদালতের নির্দেশে সংশোধনাগারে রয়েছেন মফিজউদ্দিন।
প্রশ্ন উঠছে পুলিশ তরুণকে গ্রেপ্তার করলে, কেন পরিবার কে জানাল না। নিখোঁজ অভিযোগ দায়েরের সময়ও কেন কিছু বলা হয়নি? এ দিকে কেন গ্রেপ্তার সেই বিষয়েও কোনও স্পষ্ট উত্তর মেলেনি বলে জানিয়েছে পরিবার। মফিজউদ্দিনের এক আত্মীয় জানিয়েছেন, “আমার কাকাতো দাদার ছেলে ২৮ আগস্ট থেকে নিখোঁজ ছিল। প্রাথমিক খোঁজাখুঁজির পর আমরা পুলিশে অভিযোগ জানাই। পরে জানতে পারি ওকে পুলিশ গ্রেপ্তার করেছে মদ খাওয়ার জন্য। পরিবারকে কিছু জানানো হয়নি বলেই আমাকে জানানো হয়েছে। আমি বাড়িতে আশ্বাস দিয়েছি ছেলের খোঁজ মিলেছে। এবার দেখা যাক।”