ওড়িশায় কাজে গিয়ে নিখোঁজ হয়ে যায় শান্তিপুরের যুবক। ৩ লক্ষ মুক্তিপণ চেয়ে হুমকি ফোন পায় পরিবার। তারপরই দেরি না করে, শান্তিপুর থানায় অভিযোগ জানায় পরিবার। অভিযোগ জানানোর কয়েক ঘণ্টার মধ্যে মেদিনীপুর থেকে উদ্ধার যুবক। পুলিশের জালে দুই। স্বস্তি ফিরছে যুবকের পরিবারে। পুলিশের ভূমিকাকে প্রশংসা জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অপহৃত হওয়া যুবকের নাম বিজয়কৃষ্ণ বালা। তিনি নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর এলাকার বাসিন্দা। যুবক ওড়িশায় কাজ নিয়ে যান। স্বর্ণকারের কাজ নিয়ে প্রতিবেশী রাজ্যে গিয়েছিলেন তিনি। তারপরই নিখোঁজ হয়ে যান যুবক। পরে জানা যায় তাঁকে অপহরণ করা হয়েছে। পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোন আসে। টাকা না দিলে ফল মারাত্মক হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
ওই হুমকি ফোন পাওয়ার পরই দ্রুত শান্তিপুর থানায় অভিযোগ জানান পরিবারের সদস্যরা। তদন্তে নামে পুলিশ। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার পরই যুবকের শেষ লোকেশন ধরে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই উদ্ধার করা হয় বিজয়কৃষ্ণ বালাকে। পাশাপাশি গ্রেপ্তার করা হয় শেখ সাহিল ও রবিউল গাইন নামে দুই যুবককে।
যুবক ওড়িশা থেকে পশ্চিম মেদিনীপুরে গেলেন কী করে? কেন যুবককে অপহরণ করা হল? এই ঘটনায় ধৃত ২ জন ছাড়া আর কেউ যুক্ত কি না, সব খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, অভিযুক্ত ২ জনকে রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয়। তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।