• ফোন, ওটিপি নয়! তবু অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৮ লক্ষ, মাথায় হাত ব্যবসায়ীর
    প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • না এসেছিল কোনও ফোন। না চাওয়া হয়েছিল ওটিপি। কোনও লিঙ্কেও ক্লিক করা হয়নি। অথচ মুহূর্তের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল সাড়ে ৮ লক্ষ টাকা! এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরের পানাগড় এলাকায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

    কাঁকসা থানার অন্তর্গত পানাগড় গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার দে, পেশায় ব্যবসায়ী। চলতি মাসের ১ তারিখ হঠাৎ তাঁর মোবাইলে পরপর একাধিক মেসেজ আসতে শুরু করে। মেসেজ খুলতেই চোখ কপালে ওঠে তাঁর। দেখা যায়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৮ লক্ষ ৫০ হাজার টাকা ধাপে ধাপে কেটে নেওয়া হয়েছে। দুর্গাপুর সিটি সেন্টারের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বেসরকারি ব্যাঙ্কের গ্রাহক প্রদীপবাবু। তাঁর দাবি, তিনি কাউকে ওটিপি দেননি, কোনও অচেনা ব্যক্তির সঙ্গে ফোনে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যও শেয়ার করেননি। তাহলে কীভাবে অ্যাকাউন্ট থেকে এত বিপুল টাকা গায়েব হল, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

    ঘটনার পর দেরি না করে সংশ্লিষ্ট ব্যাঙ্কে যোগাযোগ করেন প্রদীপবাবু। পাশাপাশি কাঁকসা থানার সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেন। প্রশাসনের বিভিন্ন স্তরেও বিষয়টি জানান তিনি। কিন্তু অভিযোগের পর এখনও পর্যন্ত ফেরেনি টাকা। ফলে একদিকে সঞ্চয়ের টাকা হারানোর যন্ত্রণা, অন্যদিকে টাকা ফেরত পাওয়া যাবে কি না এই দুশ্চিন্তায় দিন কাটছে ব্যবসায়ীর।

    প্রদীপ কুমার দে জানান,”মাত্র কয়েকটি মেসেজ এসেছিল। তাতেই এই টাকা কেটে দেওয়া হয়েছে। ব্যাঙ্কও সেইভাবে সাহায্য করেনি। পুলিশের কাছে অভিযোগ করেছি। আমি আতঙ্কের মধ্যে রয়েছি। এত টাকা চলে যাওয়ায় আমি সর্বস্বান্ত। এত টাকা কীভাবে ফেরত পাব তা ভেবে কূল পাচ্ছি না।”
  • Link to this news (প্রতিদিন)