সাউথ সিটি থেকে অ্যাক্রোপলিস, ‘অখাদ্য’ খুঁজতে এবার কলকাতার নামী ৩ মলে অভিযান
প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৬
খাবারের নামে ‘বিষ’! শহর কলকাতা থেকে জেলা, নামীদামি হোটেল, রেস্তরাঁর খাবারের মান দেখে আর ঝুঁকি নিচ্ছে না প্রশাসন। লাগাতার অভিযান চলছে বিভিন্ন খাবারের জায়গায়। রবিবার, ছুটির দিন কলকাতার তিন নামী শপিং মলের ফুড কোর্টে অভিযান চালাল পুরসভা ও খাদ্য দপ্তর। এদিন বেলার দিকে কসবার অ্যাক্রোপলিস, প্রিন্স আনোয়ার শাহ রোডের সাউথ সিটি মল ও হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মলের রান্নাঘরে পৌঁছে যান আধিকারিকরা। এছাড়া সল্টলেকের সিটি সেন্টারেও তল্লাশি চলে। খাবার কীভাবে সংরক্ষণ করা হচ্ছে, কোন কোন উপকরণ দিয়ে খাবার তৈরি হচ্ছে, সেসব খতিয়ে দেখা হয়। মেয়াদোত্তীর্ণ খাবার পেলেই ফেলে দেওয়া হয়েছে বলে খবর।
দিন তিনেক ধরেই কলকাতার একাধিক রেস্তরাঁয় খাবারের মান পরীক্ষার জন্য এভাবে তল্লাশি চলছে। খাদ্যদপ্তর ও পুরসভার যৌথ উদ্যোগে এই কাজ চলছে। পার্ক স্ট্রিটের ছোট-বড় রেস্তরাঁ থেকে ধর্মতলা চত্বরে ‘খাদ্যগলি’ বলে পরিচিত ডেকার্স লেনের নানা দোকানে অভিযান চালিয়ে প্রচুর বেনিয়ম পেয়েছেন আধিকারিকরা। কোথাও মেয়াদোত্তীর্ণ উপকরণ দিয়ে খাবার তৈরি, কোথাও ছত্রাক ভর্তি খাবার ব্যবহার করার প্রমাণ মিলেছে। সেসব ফেলে দেওয়া হয়। পাশাপাশি রেস্তরাঁগুলির ম্যানেজারদের ডেকে সতর্কতামূলক নোটিসও ধরানো হয়েছে।
এবার আরও বড় জায়গায় খাবারের মান যাচাই শুরু হল। রবিবার তিনটি নামী মলের ফুড কোর্টে পৌঁছে যায় খাদ্যদপ্তর ও পুরসভার প্রতিনিধিদল। বাইপাসের ধারে হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মলে ঢুকে সোজা রান্নাঘরে যান তাঁরা। একে একে সব খাদ্যসামগ্রী পরীক্ষা করে দেখেন। সবজি থেকে ফ্রিজের ভাত ও অন্যান্য খাবার পরীক্ষা করার পর ফেলে দেওয়া হয়। সূত্রের খবর, মেট্রোপলিস মলের কিচেনে একাধিক বেনিয়ম ধরা পড়েছে। অন্যদিকে, অ্যাক্রোপলিস মল ও সাউথ সিটি মলের ফুড কোর্টে রান্নার জায়গাও ভালোভাবে পরীক্ষা করে দেখেন আধিকারিকরা। অ্যাক্রোপলিসের একটি রেস্তরাঁয় ছত্রাকভর্তি মাংস পাওয়া গিয়েছে বলে খবর। এছাড়া নামী বাঙালি রেস্তরাঁর জমানো খাবার নষ্ট হয়ে যাওয়ায় তা ফেলে দেন আধিকারিকরা। সবমিলিয়ে খাবারের মান পরীক্ষায় ‘ফেল’ করার আশঙ্কা বহু রেস্তরাঁর।