উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মাঝেই উঠল ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান। সেই স্লোগান শুনেই প্রতিবাদ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
রবিবার দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীর উদ্যোগে উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শমীক-সহ একাধিক বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠানের মাঝে ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান শুনে শমীক বক্তৃতার শুরুতেই বলেন, ‘আমরা এখানে কেউই উত্তম কুমারকে বিজেপি বানাতে আসিনি। জাতীয়তাবাদের স্রোতের উত্তম কুমারকে টেনে নিয়ে আসার আমাদের কোনও ইচ্ছা নেই। এই ধরনের রাজনীতি যাতে পশ্চিমবঙ্গে না হয়, সেটাই আমাদের উদ্দেশ্য।’
বিষয়টি নিয়ে সেই সভাতেই ক্ষমা চেয়ে নেন শমীক। তাঁর কথায়, ‘কেউ কেউ এখানে বিজেপি জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছেন। সেটা ভুল করেছেন। আমি তাঁদের হয়ে দলের তরফে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এখানে প্রচুর মানুষ এসেছেন, তাঁরা উত্তম কুমারের সিনেমা দেখতে এসেছেন।’
উল্লেখ্য, উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজ্য সরকারের নানা অনুষ্ঠান। কলকাতায় নন্দন প্রেক্ষাগৃহেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলাস্তরেও চারদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলছে। শুক্রবার নিউ টাউনে শিলান্যাস ও ভূমিপুজো হয় ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর।