• ‘মাওবাদের মতোই এবার নেশামুক্ত হবে ভারত’, লক্ষ্য স্থির রেখে ‘ব্লুপ্রিন্ট’ সাজালেন অমিত শাহ
    প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৬
  • দীর্ঘ লড়াইয়ের পর মাওবাদের লাল সুতোর গেরো থেকে মুক্ত হয়েছে ভারত। সেই একই ধাঁচে এবার মাদকের বিরুদ্ধেও বড়সড় লড়াইয়ে নামতে চলেছে সরকার। রবিবার গোয়ায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, সরকার মাওবাদকে দেশ থেকে উপড়ে ফেলেছে। সেই একইভাবে মাদক পদার্থের বিরুদ্ধে লড়াই চালানো হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “মাওবাদ মুক্ত ভারত গঠনের পর এখন আমাদের লক্ষ্য মাদক। ঠিক একইভাবে মাদক সমস্যার বিরুদ্ধে লড়াই চালানো হবে। দেশকে মাদক পদার্থ থেকে সম্পূর্ণ মুক্ত করা হবে।” শাহ আরও বলেন, “যারা তিরুপতি থেকে পশুপতিনাথ পর্যন্ত মাদকের রেড করিডোর গঠনের পরিকল্পনা করেছিল, তাঁরা এখন অস্ত্র সমর্পণ করে সমাজের মূল ধারায় ফিরে এসেছে। মাদক কারবারের সঙ্গে জড়িত উত্তর-পূর্বের ১০ হাজার যুবক অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করেছে।”

    মাদকের বিরুদ্ধে কেন্দ্রের ব্রুপ্রিন্ট তুলে ধরে শাহ বলেন, “নেশামুক্ত ভারত গঠনের লক্ষ্যে আগামী ৩ বছর দেশজুড়ে ব্যাপক প্রচার চালানো হবে।” এই পদক্ষেপে সংবাদ মাধ্যমকেও সক্রিয়ভাবে যোগ দেওয়ার আবেদন জানান শাহ। তিনি বলেন, “২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেসের আমলে মোট ২৬ লক্ষ্য কেজি মাদক দ্রব্য বাজেয়াপ্ত হয়েছিল। সেখানে ২০১৪ থেকে ২০২৬ সালের মধ্যে এই সংখ্যাটা বেড়ে ১ কোটি ১৯ লক্ষ কেজি হয়েছে।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই প্রচার অভিযান দেশের ৫০ কোটি নাগরিকের কাছে পৌঁছবে। সম্প্রতি প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে ১ কোটি যুবকের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। আমরা ১ লক্ষ নেশামুক্তি মিত্রকে প্রশিক্ষণও দেব। যাতে তাঁরা মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার কাজ করতে পারেন।”

    উল্লেখ্য, গত ২ আগস্ট ‘উন্নত ভারতের লক্ষ্যে মাদকমুক্ত যুবসমাজ সংকল্প অভিযান’ চালু করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, ভারতে মাদক সন্ত্রাসে চালাচ্ছে শত্রু দেশগুলি। এটি তাঁদের সন্ত্রাসী কার্যকলাপেরই অংশ। মোদি বলেন, “শত্রু দেশগুলি চায় ভারতীয় যুবকদের মাদকের ফাঁদে পড়ুক। তবে তাদের এই ষড়যন্ত্র সম্মিলিতভাবে ব্যর্থ করতে হবে।” এবার সেই লক্ষ্যেই কোমর বেঁধে মাঠে নামছে স্বরাষ্ট্রমন্ত্রক। রবিবার তারই ব্লুপ্রিন্ট তুলে ধরলেন অমিত শাহ।
  • Link to this news (প্রতিদিন)