নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় সাড়ে ১৭ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করল বিএসএফ। শনিবার সন্ধ্যায় পুটলিতে বেঁধে সেই সোনা ভারতে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনায় বাংলাদেশের এক নাগরিককে ধরে ফেলে বিএসএফ জওয়ানরা। তাঁর কাছ থেকেই এই বিপুল মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করা হয়। তিনি বাংলাদেশ থেকে এই সোনা ভারতে নিয়ে আসার সময় ধরা পড়েন।
জানা গিয়েছে, বাংলাদেশের দিক থেকে পুটলিতে বাঁধা সোনার বিস্কুট কাঁটাতারের উপর দিয়ে ভারতের দিকে পাঠানো হচ্ছিল। সেই সময় সীমান্তে নজরদারিতে থাকা জওয়ানদের নজরে আসে বিষয়টি। দ্রুত সেখানে পৌঁছে এক বাংলাদেশিকে আটক করা হয়। এই ঘটনায় আর কে কে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
তল্লাশি চালিয়ে ওই বাংলাদেশের নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হয় ৮৯টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির মোট ওজন ১১,২৮১.৭৭০ গ্রাম, অর্থাৎ প্রায় ১১ কেজি ২৮২ গ্রাম। পরীক্ষা করে জানা যায়, সেগুলি ২৪ ক্যারেটের সোনা। বিএসএফের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য ১৭ কোটি ৪০ লক্ষ ২১ হাজার ৩০২ টাকা। সোনা বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃত বাংলাদেশির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে সোনা পাচারের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সোনার বিস্কুটগুলি ভারতে কার কাছে পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।