কন্যা সম্প্রদান করেছিলেন ‘কাকা’। কিন্তু বিয়ের পরদিনই পাত্র জানতে পারেন, সেই ‘কাকা’ আসলে পাত্রীটির স্বামী! পাত্রপক্ষের কাছ থেকে টাকা-গয়না হাতানো এবং খোরপোষ আদায়ের উদ্দেশ্যে স্ত্রীকে ‘ভাইঝি’ সাজিয়ে বিয়ে দেওয়ার অভিযোগে শনিবার দেগঙ্গার কলসুর থেকে গ্রেপ্তার রবীন মণ্ডল ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটকের মাধ্যমে ছবি দেখে বিয়েতে রাজি হয়েছিলেন কলসুরের এক অবিবাহিত ব্যক্তি। মন্দিরে বিয়ের আয়োজন করা হয়। কন্যাদান করেন পাত্রীর কাকা। এতদূর সবটা ঠিক ছিল। বিয়ের পর প্রিয়াঙ্কার গতিবিধিতে সন্দেহ হওয়ায় স্থানীয় পঞ্চায়েত সদস্য ও বাসিন্দাদের জানান পাত্র। বৈঠকে প্রিয়াঙ্কা ও রবীনের কথায় অসঙ্গতি ধরা পড়ে। এরপরই থানায় অভিযোগ জানানো হলে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তকারীদের দাবি, এর আগেও প্রিয়াঙ্কাকে কখনও ‘ভাইঝি’, কখনও ‘কন্যা’ পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে রবীনের বিরুদ্ধে। কয়েক মাস সংসারের পর নানা অজুহাতে বিচ্ছেদ করিয়ে পাত্রপক্ষের কাছ থেকে খোরপোশের নামে টাকা, সোনা-গয়না নেওয়া হত বলে অভিযোগ। জেরায় রবীন এ কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। একই কায়দায় আরও কতজন প্রতারিত হয়েছেন, কত টাকা-গয়না হাতানো হয়েছে এবং ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটকের ভূমিকাও তদন্তকারীদের নজরে।