• রাতের কলকাতায় তরুণীকে গাড়ি নিয়ে তাড়া, পথ আটকে বচসা, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ৩
    এই সময় | ০৭ সেপ্টেম্বর ২০২৬
  • রাতের কলকাতায় তরুণীকে গাড়ি নিয়ে তাড়া করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়। অভিযোগ, তরুণীর পথ আটকে অশ্লীল মন্তব্য, গালিগালাজও করেন তাঁরা। রবিবার ভোর রাতে গিরীশ পার্ক এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে অঙ্কিত সাউ, অভিষেক কুমার এবং সিদ্ধার্থ সিং নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে গিরীশ পার্ক থানার পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে কয়েকজন বন্ধুর সঙ্গে গাড়িতে গিরিশ পার্ক এলাকা দিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। সেই সময় পার্টি সেরে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিন যুবক। তরুণীকে দেখেই তাঁরা পিছু নেন বলে অভিযোগ।

    বিষয়টা বুঝেই দ্রুত গাড়ি গাড়ি চালিয়ে দেন তরুণী। চলে আসেন বলরাম দে স্ট্রিটে। তাঁর পিছু পিছু হাজির হন তিন যুবকও। অভিযোগ, সেখানেই তরুণীর পথ আটকান তাঁরা। নিজেদের গাড়িটিকে তাঁরা তরুণীর গাড়ির সামনে নিয়ে গিয়ে আড়াআড়ি দাঁড় করিয়ে দেন বলে অভিযোগ। শুরু হয় গালিগালাজ। তরুণীকে উদ্দেশ্য করে একের পর এক অশ্লীল মন্তব্য করতে থাকেন বলে অভিযোগ।

    প্রতিবাদে গাড়ি থেকে নেমে আসেন তরুণী। দুই পক্ষের তুমুল বচসা শুরু হয়। তরুণীর চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছয় গিরীশ পার্ক থানার পুলিশও। তিন যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই অঙ্কিত সাউ, অভিষেক কুমার এবং সিদ্ধার্থ সিংকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    কী কারণে অভিযুক্তরা তরুণীর গাড়ির পিছু নিয়েছিলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। তরুণীকে তাঁরা আগে থেকে চিনতেন নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে তা-ও। ঘটনার সময়ে অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখতে পারেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)