পাহাড়ে ফুটবলের নতুন দিগন্তে দুটি নতুন ফুটবল ক্লাবের ঘোষণা, দার্জিলিং সফরে বিশ্বকাপজয়ী কাফু
eTV Bharat | ০৬ সেপ্টেম্বর ২০২৬
দার্জিলিং, 6 সেপ্টেম্বর: পাহাড়ের কোল ঘেঁষে ফুটবল সংস্কৃতিকে নতুন মাত্রা দিতে এবং পর্যটন শিল্পে বিপুল জোয়ার আনতে এক ঐতিহাসিক উদ্যোগের সাক্ষী দার্জিলিং। দার্জিলিংয়ের মনোরম পরিবেশ, পাহাড়ের তরুণদের ফুটবলের প্রতি অকৃত্রিম আবেগ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে উন্মোচিত হল 'সিদ্রা হিলস'- যা ভারতের প্রথম হিল স্পোর্টস অ্যান্ড ওয়েলনেস রিসর্ট ৷ পাশাপাশি উত্তরবঙ্গ ও পাহাড়ের ফুটবল প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এল দুটি নতুন ফুটবল ক্লাব — 'দার্জিলিং ওয়ারিয়র্স এফসি' এবং 'নর্থ বেঙ্গল ফাইটার্স এফসি'-এরও উন্মোচন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সেছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক কাফুর।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া পরিকাঠামো নিয়ে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, "ফুটবল পাহাড়ের মানুষের রক্তে মিশে রয়েছে। সুনীল ছেত্রী বা ভাইচুং ভুটিয়ার মতো বিশ্ববরেণ্য তারকা উপহার দিয়েছে পাহাড়ের মাটি। তবে গত 15 বছরে মাঠ ও পরিকাঠামোর দিকে সঠিক নজর দেওয়া হয়নি। আজ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুর মতো আন্তর্জাতিক ফুটবল লেজেন্ডের এই পাহাড়ে আগমন কেবল একটি অনুষ্ঠান নয়, এটি দার্জিলিংকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজমের মূলকেন্দ্রে পরিণত করার সূচনা। পাহাড়ের মাঠ উন্নত করতে এবং অল-ওয়েদার কৃত্রিম টার্ফ ও গ্যালারি তৈরির জন্য সবরকম উদ্যোগ নেওয়া হবে।"
পাহাড়ের তরুণ ফুটবলারদের উদ্দীপনা ও ভবিষ্যৎ নিয়ে ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, "পাহাড় যেমন সুন্দর, এখানকার মানুষ এবং যুব সমাজের খেলাধুলোর প্রতি ভালোবাসা ততটাই সুন্দর। ছোট শিশুদের আজ কাফুর মতো জীবন্ত কিংবদন্তির সঙ্গে খেলতে দেখে রোমাঞ্চ বোধ হচ্ছে। এই নতুন দুটি ফুটবল ক্লাব উত্তরবঙ্গ ও পাহাড়ের উঠতি খেলোয়াড়দের সুনির্দিষ্ট পরিকাঠামো এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম প্রদান করবে।"
অন্যদিকে, রিসর্টের স্থাপত্য ডিজাইন করেছে 145 বছরের প্রাচীন মার্কিন আর্কিটেকচার ফার্ম 'হোলাবার অ্যান্ড রুট' । সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও স্থপতি বিদিশা বনশল জানান, দার্জিলিংয়ের পাহাড়, খাঁড়া ঢাল ও প্রাকৃতিক পরিবেশকে কোনও ক্ষতি না করে এমনভাবে রিসর্ট ও পরিকাঠামোটি ডিজাইন করা হয়েছে যেন মনে হবে এটি পাহাড়েরই এক অবিচ্ছেদ্য অংশ।
প্রকল্পের মূল চিন্তাভাবনা নিয়ে আর্য টি এস্টেটের ডিরেক্টর বিরাজ বনশল জানান, তাঁদের চা বাগানের বুকেই গড়ে উঠছে সিদ্রা হিলস। এখানকার তরুণদের ফুটবলের প্রতি প্রবল ঝোঁক রয়েছে, কিন্তু ইকোসিস্টেমটি ছিল কিছুটা অসংগঠিত । তিনি বলেন, "দার্জিলিং ওয়ারিয়র্স এফসি এবং নর্থ বেঙ্গল ফাইটার্স এফসি তৈরি করার মূল উদ্দেশ্যই হলো খেলোয়াড়দের প্রফেশনাল প্ল্যাটফর্ম দেওয়া, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সফল হতে পারেন।" এই উদ্যোগের ফলে কেবল পাহাড়ের খেলার মান উন্নত হবে না, বরং পর্যটন শিল্পের বিস্তার ও বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।