• ৬৮ বছর বয়সে স্কুলে, ক্লাস সেভেনের পরীক্ষা দিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা
    এই সময় | ০৭ সেপ্টেম্বর ২০২৬
  • স্বপ্নের কোনও এক্সপায়ারি ডেট থাকে? থাকতে পারে? যে বয়সে অধিকাংশ মানুষ অবসর জীবনে পা রাখেন, হিসেব কষেন সাফল্য-ব্যর্থতার, সেই বয়সেই কাঁধে স্কুলব্যাগ নিয়ে সপ্তম শ্রেণির পরীক্ষা দিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা কে সুরেন্দ্রন। গোটা দেশ তাঁকে ইন্দ্রান্স নামেই চেনে।

    গল্পটা চেনা। পড়াশোনায় মেধাবী ছিলেন সুরেন্দ্রন। প্রথম হতেন। কিন্তু টাকার অভাবে স্কুল ছাড়তে বাধ্য হন। নেমে পড়েন কাজের খোঁজে। কাকার কাছে সেলাই শেখেন। শুরু করেন নিজের দোকান, ইন্দ্রান্স ব্রাদার্স টেইলার্স। তবে এই সেলাইয়ের কাজই যে তাঁকে পরিচিতি এনে দেবে কে জানত!

    দর্জির কাজ করতে করতেই হয়ে ওঠেন মালয়লম সিনেমার ড্রেস ডিজ়াইনার। সেটে তাঁর নিষ্ঠা, রসবোধ আর উপস্থিত বুদ্ধি নজর কাড়ে অনেকেরই। সেখান থেকেই খুলে যায় অভিনয়ের দরজা। শুরুতে অবশ্য বড় কিছু জোটেনি। ছোট ছোট কমেডিয়ানের চরিত্র। কিন্তু চোখকান বুজে একের পর এক ছবিতে কাজ করে গিয়েছেন।

    প্রথম সাফল্য পান ‘CID Unnikrishnan B.A., B.Ed.’ ছবিতে। কেরালার ঘরে ঘরে হয়ে ওঠেন পরিচিত মুখ। তার পরে একশোর বেশি ছবিতে অভিনয় করেন। হয়ে ওঠেন মালয়লাম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় চরিত্রাভিনেতা। অথচ কমেডি চরিত্রের বাইরে বেরোতে পারছিলেন না কিছুতেই। কিন্তু জানতেন, তাঁর ক্ষমতা আরও অনেক বেশি।

    এর পরে ‘Aalorukkam’ সিনেমায় নিখোঁজ মেয়ের খোঁজে ঘুরে বেড়ানো ক্লান্ত বাবার চরিত্রে তাঁর অভিনয় দেখে চমকে ওঠেন দর্শক ও সমালোচকরা। এত দিনের ‘কমেডিয়ান’ পরিচয়ের বাইরে এক খোলা উঠোনে এসে দাঁড়ান তিনি। জিতে নেন কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার। আর পিছনে ফেরে তাকাতে হয়নি।

    এর পরে এল ‘হোম’। জাতীয় পুরস্কার জিতলেন তিনি। পুরস্কার নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে। কিন্তু জীবনের একটা অধ্যায় যে তখনও অসম্পূর্ণ। এখন তাঁর হাতে টাকা আছে। ছেলেবেলার সেই স্বপ্ন পূরণে নতুন করে ঝাঁপালেন ইন্দ্রান্স।

    ২০২৪-এ ৬৮ বছর বয়সে ভর্তি হলেন স্কুলে। equivalency education-এ সপ্তম শ্রেণির পরীক্ষা দিলেন তিনি। ৫০০-র মধ্যে পেলেন ২৯৭। মানে ৫৯.৪ শতাংশ নম্বর। দ্য বেটার ইন্ডিয়া-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নিরক্ষর থাকা অনেকটা অন্ধ থাকার মতো। আমি পৃথিবীটাকে দেখতে চেয়েছিলাম।’ স্বপ্নের যে এক্সপায়ারি ডেট হয় না, সেটাই প্রমাণ করলেন তিনি।

  • Link to this news (এই সময়)