সোমবার সকালে কলকাতায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। পার্ক সার্কাসে ‘আখবার-ই-মশরিক’ নামে উর্দু সংবাদপত্রের অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এই সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন তৃণমূল সাংসদ নাদিমুল হক।
স্বাধীনতার আট দশক পার! গোটা দেশ যখন আধুনিকতার চূড়ান্ত শিখরে, তখন নামখানার এক জরাজীর্ণ একচিলতে ঘরে হ্যারিকেনের এবং ল্যাম্পের ধোঁয়াটে আলো আর মাটির মেঝেতেই দিন কাটছিল এক বৃদ্ধ দম্পতির। অবশেষে প্রশাসনের দীর্ঘদিনের সেই বঞ্চনার অবসান ঘটল। সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডলের উদ্যোগে ৭৫ বছরের বৃদ্ধ দম্পতির ঘরে পৌঁছালো বিদ্যুতের আলো।এই মানবিক ঘটনার সাক্ষী থাকল নামখানা গ্রাম পঞ্চায়েতের নারায়ণগঞ্জ এলাকা।
উত্তরপ্রদেশের বাঘপতে এক্সপ্রেসওয়ের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল পুণ্যার্থীদের বাস। মৃত চার। জখম ২০ জন। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ বাঘপতের ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে। বাঘপতের জেলাশাসক অস্মিতা লাল জানিয়েছেন, ৩২ জন পুণ্যার্থীকে নিয়ে বাসটি রাজস্থানের বাঙ্গর থেকে বদায়ুঁ যাচ্ছিল।
দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, সোমবার আলিপুরদুয়ারের কিছু অংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
দিল্লিতে পুরোনো পাঁচতলা মেসবাড়ি ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৬। রবিবার দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকার এই ঘটনায় আহত হয়েছেন বহু। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে, এখনও ওই ভাঙা বাড়ির ধ্বংসস্তূপের নীচে কেউ কেউ চাপা পড়ে থাকতে পারে আশঙ্কা।