এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় চার তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাঘপত জেলায় ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে। জানা গিয়েছে, যাত্রী বোঝাই একটি বাস এক্সপ্রেসওয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। জানা গিয়েছে, ৩২ জন যাত্রী নিয়ে রাজস্থান থেকে উত্তরপ্রদেশের বদায়ুনের দিকে যাচ্ছিল বাসটি।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ রাজস্থানের বাঙ্গার থেকে বাসটি ৩২ জন তীর্থযাত্রীকে নিয়ে উত্তরপ্রদেশের বদায়ুন রওনা দিয়েছিল। ওই তীর্থযাত্রীরা সকলেই বদায়ুনের বাসিন্দা। রাজস্থানের তীর্থক্ষেত্রে থেকে ঘুরে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময়েই এক্সপ্রেসওয়েতে একটি ডিভাইডারে ধাক্কা মারে বাসটি।
ঘটনার পরে পুলিশ রেসপন্স ভেহিকল (PRV) মারফৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বাসটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাগপতের জেলাশাসক অস্মিতা লাল জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।