এই সময়, মালদা: ফেসবুকে আলাপ। তার পরে প্রেমে হাবুডুবু খেয়ে স্বামীকে বিবাহ বিচ্ছেদের নোটিস ধরান স্ত্রী। অভিযোগ, এরপরে বিয়ের প্রতিশ্রুতি ও প্রচুর সম্পত্তির মালিকানার আশ্বাস দিয়ে ওই তরুণীর সঙ্গে একাধিকবার সহবাস করেন প্রেমিক।
কিন্তু বিয়ের কথা তুলতেই মোবাইল সুইচড অফ করে পগারপার হয়ে যান আম ব্যবসায়ী প্রেমিক অসীম কালাম। পুরো বিষয়টি নিয়ে ওই তরুণী প্রেমিকের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
২৫ বছর বয়সী ওই তরুণীর বাড়ি পুখুরিয়া থানা এলাকায়। তাঁর স্বামী পেশায় হকার। তাঁদের দুই নাবালক ছেলেমেয়ে রয়েছে। ফেসবুকের সুবাদে ছ'মাস আগে ইংরেজবাজার থানা এলাকার আম ব্যবসায়ী অসীম কালামের সঙ্গে পরিচয় হয় তরুণীর। সেই থেকে দু'জনের ঘনিষ্ঠতা বাড়ে।
পুলিশকে তরুণী জানিয়েছেন, তাঁর স্বামীর তেমন রোজগার না-থাকায় সোশ্যাল মিডিয়ায় যে কোনও কাজের জন্য বিভিন্ন সময়ে লেখালেখি করেছিলেন। তখন আম ব্যবসায়ী অসীম কালাম নামে এক যুবক কাজ দেওয়ার নাম করে তাঁর সঙ্গে প্রতারণা করে। বিয়ে করে বাড়ি, গাড়ির টোপ দেওয়া হয়। এরই মধ্যে একাধিকবার শহরের হোটেলে তাঁর সঙ্গে রাত কাটান অসীম। এরপরে বিয়ের কথা তুলতেই মোবাইল সুইচড অফ করে গা ঢাকা দেন অভিযুক্ত প্রেমিক।