• ৫০৪ কোটির ব্যাঙ্ক কেলেঙ্কারি, ৬ আমলা-সহ ১৯ অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই চার্জশিট
    প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৬
  • হরিয়ানার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ৫০৪ কোটি টাকার তহবিল আত্মসাৎ মামলায় (IDFC Bank Fraud Case) তৃতীয় চার্জশিট দিল সিবিআই। এই চার্জশিটে মোট ১৯ জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। যার মধ্যে হরিয়ানা ক্যাডারের ছ’জন হাই-প্রোফাইল আইএএস কর্তার নাম রয়েছে। সরকারের একাধিক বিভাগ ও সংস্থা জড়িত ৫০৪ কোটি টাকার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক জালিয়াতি মামলায়। তাই রাজনৈতিক মহলেও শোরগোল ছড়িয়েছে।

    পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। হরিয়ানার ইতিহাসে এই প্রথম একসঙ্গে এতজন আইএএস কর্তা কোনও ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হতে চলেছেন। সিবিআই-এর চার্জশিটে নাম থাকা ছয় আইএএস কর্মকর্তা হলেন, মোহাম্মদ শায়িন (হরিয়ানা পাওয়ার জেনারেশন কর্পোরেশনের প্রাক্তন এমডি), সাকেত কুমার (উন্নয়ন ও পঞ্চায়েত বিভাগের প্রাক্তন কমিশনার ও সচিব), বিনীত গর্গ (হরিয়ানা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান), প্রদীপ কুমার (হরিয়ানা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের প্রাক্তন সদস্য সচিব (যিনি গত জুনে অবসরের দিনই গ্রেপ্তার হন), রাম কুমার সিং (পাঞ্চকুলার প্রাক্তন পুর কমিশনার) এবং পঙ্কজ আগরওয়াল (হরিয়ানা রাজ্য কৃষি বিপণন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান)।

    সংবাদ সংস্থার খবর, এই মামলায় নতুন ১৯ জনকে যুক্ত করার পর চার্জশিটে মোট অভিযুক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। সিবিআই এখন পর্যন্ত ৫৪টি স্থানে তল্লাশি চালিয়েছে। ২৬ জনকে গ্রেপ্তার করেছে। এবং প্রায় ২০ কোটি টাকার সোনা-সহ বিপুল পরিমাণ নথি ও ডিজিটাল প্রমাণ উদ্ধার করেছে। জানা গিয়েছে, এই সরকারি আমলারা ব্যাঙ্কের কর্তাদের সাথে যোগসাজশ করে হরিয়ানা সরকারের আটটি বিভিন্ন বিভাগ ও সংস্থার গণতহবিল অনিয়মিতভাবে নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের শাখায় স্থানান্তরিত করেন। ৫০৪ কোটি টাকা ভুয়া কোম্পানির অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের প্রাক্তন কর্মী ঋভব ঋষি ও অভয় কুমার এবং তাদের ব্যবসায়িক অংশীদার স্বস্তিক দেশ প্রজেক্টের স্বাতী সিঙ্গলা ও অভিষেক সিঙ্গলা গ্রেপ্তার হতেই এই কেলেঙ্কারির ঘটনাটি প্রকাশ্যে আসে।
  • Link to this news (প্রতিদিন)