অন্নপূর্ণার টাকা না পেলে এবার সহজেই জানাতে পারবেন অভিযোগ! হেল্পলাইন নম্বর চালু শুভেন্দু সরকারের
প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৬
এ মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) চতুর্থ কিস্তির টাকা ঢোকার কথা। কিন্তু কবে? তা নিয়ে ঘুরপাক খাচ্ছিল প্রশ্ন। নবান্ন সভাঘর থেকে এ মাসের অন্নপূর্ণার যোজনা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেপ্টেম্বরের কিস্তির টাকা কবে ঢুকবে, তা নিয়ে লক্ষ্যমাত্রা স্থির করে আগেই সরকারের তরফে জানানো হয়েছিল, ১৫ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে। আর এখানেই একাধিক প্রশ্ন তুলছে উপভোক্তারা।
তাহলে কি এ মাসে ১৫ তারিখের বদলে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবসের দিনেই ৩০০০ টাকা অ্যাকাউন্টে পাবেন উপভোক্তারা? কলকাতার প্রায় ১ লক্ষ অন্নপূর্ণার উপভোক্তাদের নিয়ে বিশেষ শোভাযাত্রার কর্মসূচির পরিকল্পনার কথাও জানানো হয়েছে সরকারের তরফে। প্রসঙ্গত, বর্তমানে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন।
উল্লেখ্য, সরকারের তালিকাভুক্ত উপভোক্তারা অন্নপূর্ণা সংক্রান্ত যে কোনও অভিযোগ সরাসরি জানাতে পারবেন এবার। তার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে শুভেন্দুর সরকার। রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর: ৮২৮২০৮২৮২০। সোম থেকে শনি, সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই নম্বরে ফোন করে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন উপভোক্তারা। এছাড়া ই-মেইলের মাধ্যমেও জানানো যেতে পারে অভিযোগ। এছাড়া সরকারকে মেল করতে পারেন [email protected]এ। তবে অন্নপূর্ণা দিবসে উপভোক্তাদের জন্য নতুন করে কোনও ঘোষণা করা হয় কিনা, সেদিকে নজর আছে।