প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে বাংলায় মেগা কর্মসূচি নিল বঙ্গ বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modi Birthday)। আর সেই উপলক্ষে সেপ্টেম্বর-অক্টোবর মাস জুড়ে চলবে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’। আর এই কর্মসূচিকে সামনে রেখে যুব সমাজের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়েছে গেরুয়া শিবির। বাংলায় এবং দিল্লিতে বিজেপি সরকারের সাফল্য যেমন তুলে ধরা হবে, তেমনই চলবে বাড়ি বাড়ি জনসংযোগের কাজ। শুধু তাই নয়, তরুণ প্রজন্মের সঙ্গেও মত বিনিময়ের কাজ চলবে বলে ঘোষণা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya)।
আজ, সোমবার বিজেপি দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন শমীক ভট্টাচার্য। সেখানেই একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন তিনি। জানান, ২৫ বছরের মানুষের সেবায় নরেন্দ্র মোদি যা যা অবদান রেখেছেন, তা নিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর প্রচার চালানো হবে। প্রত্যেক জেলা, ব্লক, মহকুমাস্তরে চলবে এই প্রচার। শুধু তাই নয়, যুদ্ধ পরিস্থিতিতেও যেভাবে ভারতে অর্থনীতির উন্নতি ঘটেছে তাও সাধারণ মানুষের ঘরে ঘরে বিজেপি কর্মীরা পৌঁছে দেবেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি সেদিনই গোটা দেশের পাশাপাশি এই রাজ্যেও প্রদীপ জ্বালিয়ে মোদির দীর্ঘায়ু কামনা করা হবেও জানান তিনি। প্রত্যেক বুথে যাতে ২৫টি করে প্রদীপ জ্বালিয়ে এহেন কর্মসূচি পালন করা হয় সেই ঘোষণা করেন শমীক ভট্টাচার্য। তবে এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে ‘সেবা সেতু অভিযান’। তিন দিনের বিশেষ শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত যোগ্য মানুষদের সহায়তা করা হবে।
শুধু তাই নয়, তরুণ প্রজন্মের সঙ্গে মতামত বিনিময় এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। জেন জি প্রসঙ্গে এদিন শমীক ভট্টাচার্য বলেন, তরুণ প্রজন্মকে সমাজের অন্য অংশ থেকে আলাদা করে দেখার মানসিকতা ঠিক নয়। তাঁদের প্রশ্ন করার অধিকার এবং নিজেদের ভাষায় নিজেদের বক্তব্য প্রকাশ করার অধিকার রয়েছে। তিনি বলেন, ”একটি গণতান্ত্রিক দেশে তরুণরা সামাজিক সমস্যা নিয়ে প্রশ্ন করছেন, আলোচনা করছেন এবং প্রতিবাদ করছেন—এটি গণতন্ত্রের জন্য ইতিবাচক বিষয়। বিজেপি তরুণদের এই প্রশ্ন করার অধিকারকে খর্ব করবে না।”