Big Breaking: দুর্গাপুজো চলাকালীন কবে মদের দোকান বন্ধ থাকবে, তা স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মহাষ্টমীর দিন রাজ্যে সব রকমের মদের দোকান বন্ধ থাকবে। বার বা পানশালাতেও মদ বিক্রি করা যাবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘মহাষ্টমীর দিন, যেদিন আমরা পুষ্পাঞ্জলি দিই, সেদিন এই রাজ্যে সব রকমের মদের দোকান বন্ধ থাকবে। এমনকী বারেও মদ বিক্রি করা যাবে না।’ এই ঘোষণার পরেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘সমস্যা আছে নাকি?’
রাজ্যের দুর্গাপুজোর সময়ে মদের দোকান বা বার বন্ধ থাকত না সাম্প্রতিক অতীতে। পুজোর চারদিনই খোলা থাকতো। পুজোর সময়ে মদ বিক্রির নিরিখে রেকর্ড তৈরি করতো অনেক জেলা। রাজ্যে সাধারণত দোলের দিন অর্ধদিবস এবং ২ অক্টোবর, ১৫ অগস্ট এবং ২৬ জানুয়ারি বন্ধ থাকত মদের দোকান।
এ বছর পুজোয় ডিজে বাজানো যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিজে বাজানো তিনি কোনওভাবে মেনে নেবেন না বলেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘শোভাযাত্রা করুন, ডিজে নয়’।