• নবমীর দিন পাঁঠার মাংস খাই... সেটাই খাব: শমীক
    এই সময় | ০৭ সেপ্টেম্বর ২০২৬
  • দুর্গাপুজোর সময়ে বাঙালির মাছ-মাংস খাওয়া নিয়ে সম্প্রতি নানা মন্তব্য হয়েছে। সম্প্রতি রাজ্যে একটি অনুষ্ঠানে এসে বাগেশ্বর বাবা পুজোর সময়ে নিরামিষ খাওয়ার প্রসঙ্গ তোলেন। তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই আবহেই মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের বাসিন্দারা কে কী খাবেন, কে কী পরবেন, তা নিয়ে বিজেপির তরফে আলাদা করে কোনও বক্তব্য নেই বলে জানিয়ে দিলেন তিনি।

    রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘আমরা সাধারণত নবমীর দিন পাঁঠার মাংস খাই। অষ্টমীর দিন লুচি খাই। সেটাই খাবো। বাংলার মানুষকে খাওয়া-দাওয়া নিয়ে কিছু বলার নেই। যার যা খেতে ইচ্ছে করবে খাবেন। বাঙালি মাছ-মাংস খাবে না, এটা হয় নাকি।’

    শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, বাঙালি যে সংস্কৃতি ও অভ্যাসে অভ্যস্ত সেই অনুযায়ীই চলবে। তাঁর মতে, কে মাছ-মাংস খাবেন, কে নিরামিষ খাবেন—এটি ব্যক্তিগত পছন্দ-অছন্দের ব্যাপার। কাউকে কী খেতে হবে তা নির্ধারণ করে দেওয়া বিজেপির দলগত অবস্থান নয়। বাগেশ্বর বাবার বক্তব্যের প্রসঙ্গ তুলতেই তাঁর মত, ‘একজন সাধক হিসেবে তিনি তাঁর মতামত বা পরামর্শ দিতে পারেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কী খাবেন, সেই সিদ্ধান্ত বাঙালির নিজস্ব বিষয়।’

    বিজেপি ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি করবে। তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের প্রশাসনিক যাত্রা, তাঁর বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হবে। ওই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছে, সেটাও মানুষের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন শমীক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের চারুকলা কলেজগুলিকেও এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা হবে।

    তরুণ প্রজন্মের উদ্ভাবনী প্রতিভাকে উৎসাহিত করতে কলকাতা-সহ পাঁচটি শহরে সায়েন্স কংগ্রেস আয়োজন করা হবে। দেশের বিভিন্ন প্রান্তের তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবকদের এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিজেপির। শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

  • Link to this news (এই সময়)