নদিয়া জেলার শান্তিপুর পুরসভার এক অস্থায়ী ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ। আবাস যোজনার জন্য এক উপভোক্তার কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন অভিযুক্ত ইঞ্জিনিয়ার প্রলয় কুণ্ডু। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে পুরসভা থেকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজনের তরফে ডিম ছোড়া হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, শান্তিপুর পুরসভার ইঞ্জিনিয়ার প্রলয় কুণ্ডু এক আবাস যোজনা প্রকল্পের উপভোক্তার কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নামে ১৫ হাজার টাকা ঘুষ নেন। এই অভিযোগ তুলে পুরসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি, যে মহিলার কাছ থেকে ওই ইঞ্জিনিয়ার ঘুষ নিয়েছেন, সেই ফোনের কথোপকথন নাকি তাঁদের কাছে রয়েছে। বিক্ষোভ দেখাতে ওই ইঞ্জিনিয়ারকে ঘর থেকে বের করে নিয়ে এসে ডিম ছোড়া হয় বলে অভিযোগ।
উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ। যদিও ইঞ্জিনিয়ার প্রলয় কুণ্ডু দাবি করেন, যে হেতু তিনি বিল্ডিং প্ল্যানের কাজ করেন, সেই ঘরের বিল্ডিং প্ল্যান করে দেওয়ার জন্য ওই উপভোক্তার কাছ থেকে টাকা নিয়েছিলেন। ওই ইঞ্জিনিয়ার বলেন, ‘আবাসের ঘরের নাম করে আমি টাকা নিইনি। আমার কাছে যে টাকা রয়েছে, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত কাজের টাকা।’
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই প্রথম নয় এর আগেও ওই অস্থায়ী ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বহু মানুষের কাছ থেকে কখনও ঘর দেওয়ার নামে, কখনও বিভিন্ন প্রকল্প করে দেওয়ার নামে একাধিক টাকা আত্মসাৎ করেছেন ওই ইঞ্জিনিয়ার। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে।