আগেই জয় হয়েছে ইংলিশ চ্যানেল এবং পক প্রণালী। আর, এ বার লক্ষ্য আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করা। অন্য চ্যানেলগুলির থেকে এখানে সাঁতার কাটা একটু অন্যরকম। তার উপর ওই চ্যানেল নিয়ে বিশেষ কিছু জানেনও না মেদিনীপুরে আফরিন জাবি। শুধু জানেন, গরম থেকে হঠাৎ করেই ঠান্ডা জলের মধ্যে পড়তে হবে তাঁকে। সেই কারণে নিজের লক্ষ্যে স্থির থেকে অনুশীলন করছেন তিনি। প্রস্তুতির জন্য ডুবে থাকছেন ঠান্ডা জলেও। এরই পাশাপাশি টানা ১৪ ঘণ্টা সাঁতারও কেটেছেন আরফিন।
গত বছরের জুলাই মাসে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন আফরিন। প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল জয় করতে তাঁর সময় লেগেছিল ১৩ ঘণ্টা ১৩ মিনিট। এর পর চলতি বছর মে মাসে ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ পক প্রণালী সাঁতরে পার হন। সেই চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে তাঁর সময় লাগে ৭ ঘণ্টা ৫ মিনিট।
এ বার তাঁর লক্ষ্য ক্যাটলিনা চ্যানেল জয় করা। মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চক এলাকার বাসিন্দা আফরিন শুধু জানেন, ওই চ্যানেল প্রায় সাড়ে ৩২ কিলোমিটার দীর্ঘ। সাঁতরে তা অতিক্রম করতে সময় লাগবে প্রায় ১২ ঘণ্টা।
সব কিছু ঠিক থাকলে, আগামী ২২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া উপকূল থেকে ক্যাটালিনা চ্যানেল জয়ের জন্য সাঁতার শুরু করবেন আফরিন। অন্যতম কঠিন ওপেন-ওয়াটার সাঁতারের চ্যালেঞ্জ তাঁর সামনে। সেই কথা মাথায় রেখেই ক্যাটলিনা চ্যানেল জয়ের প্রস্তুতি নিচ্ছেন মেদিনীপুরের সাঁতারু আফরিন। করছেন কঠোর অনুশীলন। সেই কারণে মেদিনীপুর সুইমিং ক্লাবে টানা ১৪ ঘণ্টা সাঁতার কাটলেন তিনি। রবিবার দুপুরে জলে নেমে সোমবার ভোর ৪টে নাগাদ উঠে আসেন তিনি।
আফরিন জানিয়েছেন, ওই চ্যানেলের জল খুব ঠান্ডা হয়। সেই মতো প্রস্তুতি নিচ্ছেন। ২০০ লিটার জলের ট্যাঙ্কে আইস কিউব রেখে তাতে প্রায় ২ ঘণ্টা বসে থাকেন তিনি। এই চ্যানেলে সাঁতার কাটার সময় বিভিন্ন সামুদ্রিক প্রাণীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছুই মাথায় রেখে এটিকে নিজের জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি। ওই চ্যানেল জয়ের পরেই পরবর্তী লক্ষ্য ঠিক করবেন বলেও জানিয়েছেন আফরিন।