• দুর্গাপুজোয় বাজানো যাবে না ডিজে, মণ্ডপ তৈরিতেও 'বিধিনিষেধ', বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
    আজ তক | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • Kolkata Durga Puja Rules: দুর্গাপুজো নিয়ে মিটিংয়ে একাধিক নয়া নিয়মের বিষয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার পুজোর আয়োজনে একাধিক নিয়ম মানতে হবে পুজো কমিটিগুলিকে। সোমবার মিলন মেলায় দুর্গাপুজো ২০২৬-এর কো-অর্ডিনেশন বৈঠক ছিল। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, এগুলিকে 'বিধিনিষেধ' না বলে সকলের সম্মিলিত সিদ্ধান্ত হিসাবেই দেখা উচিত।

    সবচেয়ে বড় ঘোষণা ডিজে নিয়ে। পুজোর দিনগুলিতে ডিজে বাজানো যাবে না। শুধু মণ্ডপে নয়। বিসর্জনের মিছিলেও ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। উৎসবের আনন্দে যাতে অন্য় কারও সমস্যা না হয়, সে কথা মাথায় রেখেই এই নিয়ম। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    এবার পুজোয় কোন কোন নিয়ম মানতে হবে?
    ১. পুজোয় ডিজে নিষিদ্ধ
    মণ্ডপে ডিজে বাজানো যাবে না। উচ্চ শব্দের ডিজে নিয়ে কড়া অবস্থান সরকারের।

    ২. বিসর্জনের মিছিলেও ডিজে নয়
    শুধু পুজোর সময় নয়। বিসর্জনের শোভাযাত্রাতেও ডিজে বাজানো যাবে না। এ বিষয়ে পুজো কমিটিগুলির সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী।

    ৩. মহালয়ার আগে পুজোর উদ্বোধন নয়
    মাতৃপক্ষ বা দেবীপক্ষ শুরু হওয়ার আগে পুজোর আনুষ্ঠানিক সূচনা করা যাবে না। অর্থাৎ মহালয়ার আগে পুজোর উদ্বোধনে অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন শুভেন্দু।

    ৪. বড় রাস্তা আটকে মণ্ডপ নয়
    জাতীয় সড়ক বা গুরুত্বপূর্ণ রাস্তা আটকে পুজো করা যাবে না। কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার নামও বৈঠকে উল্লেখ করা হয়েছে। পুজো কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

    ৫. মণ্ডপ বা থিমে ধর্মীয় ভাবাবেগে আঘাত নয়
    পুজোর মণ্ডপ, থিম বা সাজসজ্জায় এমন কিছু করা যাবে না, যাতে দুর্গাপুজোর ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষুণ্ণ হয়। বিষয়টি পুজো কমিটিগুলিকে মাথায় রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী।

    ৬. ২৪ অক্টোবরের মধ্যে বিসর্জন শেষ করতে হবে
    এ বার কোজাগরী লক্ষ্মীপুজো ২৫ অক্টোবর। তার আগের দিন, অর্থাৎ ২৪ অক্টোবরের মধ্যে দুর্গাপ্রতিমার নিরঞ্জন শেষ করার জন্য পুজো কমিটিগুলিকে আবেদন করা হয়েছে। ঘাটে ভিড় এবং প্রশাসনের ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই এই সময়সীমা রাখা হয়েছে।

    ৭. মহাঅষ্টমীতে বন্ধ থাকবে মদের দোকান
    মহাঅষ্টমীর দিন রাজ্যে মদের দোকান বন্ধ থাকবে। বারেও মদ বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    ৮. নতুন পুজোয় সরাসরি নিষেধ নেই
    নতুন পুজো করার ক্ষেত্রে কোনও সার্বিক নিষেধাজ্ঞা থাকছে না। তবে জমির অনুমতি, অগ্নি নিরাপত্তা এবং প্রয়োজনীয় নথি খতিয়ে দেখেই অনুমোদন দেওয়া হবে। স্থানীয় পুলিশ এবং প্রশাসন বিষয়টি দেখবে।

    ৯. এবার আর কার্নিভাল হচ্ছে না
    দুর্গাপুজোর পর এবার আর কার্নিভাল হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এর আগে পুজো কমিটিগুলিকে অনিচ্ছা সত্ত্বেও এই কার্নিভালে যোগ দিতে হত। 

    ১০. পুজোর অনুদানে বিশেষ আর্জি
    মুখ্যমন্ত্রী জানান পুজোয় যথেচ্ছ অনুদানের তিনি বিরোধী। তবে যেহেতু অনেক ছোট পুজো এতে নির্ভরশীল, তাই অনুদান বজায় থাকছে। বলেন, '১ লক্ষ টাকার একটা ব্যবস্থা আমরা রাখলাম। আমি দেখতে চাই কারা আমার আপিলটা গ্রহণ করেন আমি বড় বাজেটের বা সক্ষম বাজেট যাদের তাদের বলব আপনারা পুজোতে সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না। যারা নেবেন না তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাব।' পুজো কমিটিগুলির জন্য বিদ্যুতের ক্ষেত্রে বড় ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, বিদ্যুতের ফি ১০০ শতাংশ ছাড় দেওয়ার ব্যবস্থা করা হবে। বিভিন্ন লাইসেন্সের ক্ষেত্রেও ফি না নেওয়ার কথা বলা হয়েছে।   
  • Link to this news (আজ তক)