• দুর্গাপুজোয় একদিন বন্ধ থাকবে মদের দোকান, কবে ড্রাই ডে?
    আজ তক | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • দুর্গাপুজোয় এবার একটি নির্দিষ্ট দিনে মদের দোকান বন্ধ থাকবে। সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক শেষে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

    মহাষ্টমীর দিন রাজ্যে ড্রাই ডে থাকবে। সমস্ত মদের দোকান সারাদিন বন্ধ থাকবে ওই দিন। এমনকী বার কিংবা পানশালাতেও মদ বিক্রি করা যাবে না অষ্টমীর দিন। 

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘মহাষ্টমীর দিন, যেদিন আমরা পুষ্পাঞ্জলি দিই, সেদিন এই রাজ্যে সব রকমের মদের দোকান বন্ধ থাকবে। এমনকী বারেও মদ বিক্রি করা যাবে না।’ উপস্থিত সকলের মধ্যে প্রতিক্রিয়া বুঝতে চেয়ে তিনি মঞ্চ থেকেই প্রশ্ন করেন, 'সমস্যা আছে নাকি?'

    উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পুজোর সময়ে ড্রাই ডে কনসেপ্ট ছিল না। অষ্টমী কিংবা দশমী হোক, পুজোয় মদের দোকান, পানশালা-বার সবই খোলা থাকত। কলকাতা শহরের অধিকাংশ বার-পাবই গভীর রাত পর্যন্ত মদ সার্ভ করে ক্রেতাদের। তবে এবার বদলে গেল চিত্রটা। মহাষ্টমীর দিন ড্রাই ডে ঘোষণা করা হল। উল্লেখ্য, ২০২৫ সালে দশমী পড়েছিল ২ অক্টোবর। গান্ধীজয়ন্তীর দিন হওয়ায় গত বছর দশমীতে ছিল ড্রাই ডে। 

    উল্লেখ্য, BJP সরকার বাংলায় ক্ষমতায় আসার পর এটাই প্রথম দুর্গাপুজোর আয়োজন। ফলত অনেকটাই বদলাচ্ছে আয়োজন প্রক্রিয়া। এবার পুজোর আয়োজনে একাধিক নিয়ম মানতে হবে পুজো কমিটিগুলিকে। সবচেয়ে বড় ঘোষণা ডিজে নিয়ে। পুজোর দিনগুলিতে ডিজে বাজানো যাবে না। শুধু মণ্ডপে নয়। বিসর্জনের মিছিলেও ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দেবীপক্ষ শুরু হওয়ার আগে পুজোর আনুষ্ঠানিক সূচনা করা যাবে না। অর্থাৎ মহালয়ার আগে পুজোর উদ্বোধনে অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি, পুজোর মণ্ডপ, থিম বা সাজসজ্জায় এমন কিছু করা যাবে না, যাতে দুর্গাপুজোর ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষুণ্ণ হয়। বিষয়টি পুজো কমিটিগুলিকে মাথায় রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজ তক)