• একজনের অর্ডার করা খাবার অন্য ব্যক্তিকে বিক্রি! ডেলিভারি বয়ের কাণ্ডে মুখ পুড়ল জোম্যাটোর
    প্রতিদিন | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • ইঁদুরদৌড়ের জীবনে অনেকেই অনলাইন সংস্থাগুলির মাধ্যমে খাবার আনিয়ে নেন। সেই খাবারের গুণমান নিয়ে অনেক সময়ই প্রশ্ন ওঠে। তাই বলে একজনের অর্ডার করা খাবার অন্য ব্যক্তিকে বিক্রি করবেন ডেলিভারি বয়! এমনটাও সম্ভব? যদিও অভিযোগ সেরকমই।

    এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর অভিযোগটি করেছেন গুরুগ্রামের বাসিন্দা রিষভ কৌশিক। তিনি জানিয়েছেন, রবিবার রাত ১০টা বেজে ৫৮ মিনিট নাগাদ জোম্যাটোর (Zomato) মাধ্যমে ‘খাদক সিং দা ধাবা’য় খাবারের অর্ডার করেছিলেন। সেই খাবার আসতে অনেক দেরি হচ্ছিল। যদিও লোকেশন দেখাচ্ছিল বাড়ির কাছে। এরপর খাবারের অবস্থান ভালোভাবে জানতে ‘অর্ডার ট্র্যাকার’ খোলেন রিষভ। দেখেন ৪০ মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছেন ডেলিভারি বয়!

    এরপর বিষয়টি খতিয়ে দেখতে, দেরি হওয়ার কারণ জানতে রাস্তায় বের হন রিষভ। লোকেশন ট্র্যাকারের সাহায্য পৌঁছে যান অকুস্থলে। সেখানে গিয়ে যা দেখেন তাতে তাজ্জব বনে যান। রিষভ দেখেন, তাঁর অর্ডার করা খাবার মাঝপথে অন্য দুই ব্যক্তিকে বিক্রি করে দিয়েছেন ডেলিভারি বয়। তাঁরা সেই খাবার খাচ্ছেন। রিষভ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অর্ধেক খাবার খাওয়া হয়ে গিয়েছিল। দুই ব্যক্তি এবং আধ খাওয়া খাবারের ছবি তোলেন রিষভ। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন যুবক। পাশাপাশি খাবার অর্ডারের স্ক্রিনশটও দিয়েছেন তিনি।

    জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপেন্দর গোয়েলকে ট্যাগ করে রিষভ কৌশিক লিখেছেন, “ডেলিভারি পার্টনারের আইকন ৪০ মিনিট ধরে একই জায়গায় স্থির হয়েছিল। এটা আর কেবল খাবার ডেলিভারি নয়, এটা এখন পুরোদস্তুর এক ‘ফুড-শেয়ারিং ইকোনমি’।”

    এই পোস্টটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সংস্থা জোমাটো এবং সংশ্লিষ্ট ডেলিভারি বয়ের কর্তব্যহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে পরামর্শ দিয়েছেন, গভীর রাতে খাবার অর্ডারের ক্ষেত্রে সময়ে অর্ডার না পৌঁছানো বা অন্য কোনও সম্ভাব্য সমস্যা এড়াতে ‘ক্যাশ অন ডেলিভারি’ (পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ) পদ্ধতি বেছে নেওয়াই ভালো। অন্যদিকে সংস্থা জোমাটো এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি।
  • Link to this news (প্রতিদিন)