• নেপালের দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম, সহযোগিতার হাত বাড়াল ঠিকাদার সংগঠন
    প্রতিদিন | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • নেপালে বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে ভারত সেবাশ্রম সংঘ। পাঠানো হচ্ছে ত্রাণ। এই ত্রাণ কার্যক্রমকে আরও কার্যকর করে তুলতে আর্থিক সহায়তার হাত বাড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রগ্রেসিভ কন্ট্রাক্টর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে ভারত সেবাশ্রম সংঘের ত্রাণ তহবিলে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।

    সোমবার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের সভাকক্ষ শ্রীনাথ হলে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রগ্রেসিভ কন্ট্রাক্টর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সপ্তদশ বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধায়ক অগ্নিশ্বর নষ্কর ও দেবাংশু পাণ্ডা এবং জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেশ মণ্ডল, বিজেপির মথুরাপুর জেলা সভাপতি নগেন্দ্রসুন্দর সাহা, বিজেপি নেতা রঞ্জনকুমার বৈদ্য-সহ বিশিষ্ট ব্যক্তিরা। সাধারণ সভাকে কেন্দ্র করে এদিন সংগঠনের বিভিন্ন কার্যক্রম, জেলার উন্নয়নমূলক কাজে ঠিকাদারদের ভূমিকা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়েও আলোচনা হয়।

    স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে কন্ট্রাক্টরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রেই নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও তাঁদের এগিয়ে আসা প্রয়োজন। নেপালের বন্যার্ত মানুষের জন্য ভারত সেবাশ্রম সংঘের ত্রাণ কার্যক্রমে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রগ্রেসিভ কন্ট্রাক্টর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি। স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবসেবার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। বন্যা, ভূমিকম্প বা অন্য কোনও বিপর্যয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘ বরাবরই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। নেপালের বর্তমান পরিস্থিতিতেও সেই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
  • Link to this news (প্রতিদিন)