শুভেন্দুর ‘হাইভোল্টেজ’ ভদ্রাসন নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে? শুরু জল্পনা
প্রতিদিন | ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুজোর আগেই বঙ্গে ফের ভোটের দামামা। সোমবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। সেই মতো অক্টোবরের শুরুতেই এই দুই কেন্দ্র হবে উপনির্বাচন। তবে এই দুই কেন্দ্রের মধ্যে সবার নজর ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামের দিকে। কারণ এটি খোদ মুখ্যমন্ত্রীর ছেড়ে দেওয়া আসন। স্বভাবতই এই কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। ইতিমধ্যে একাধিক নাম নিয়েও শুরু হয়েছে চর্চা। যদিও বিজেপির দাবি, দল যাকেই প্রার্থী করবে তাঁকেই মেনে নেওয়া হবে।
সোমবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-সহ তিনটি রাজ্যের পাঁচটি বিধানসভা এবং একটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে আগামী ৬ অক্টোবর। সেই মতো নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ৯ অক্টোবর ফলপ্রকাশ। সেইমতো ভোটপ্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত জারি হবে বিজ্ঞপ্তি। মনোনয়ন জমা-প্রত্যাহারের দিনক্ষণও জানা যাবে সেসময়।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী কলকাতার ভবানীপুর ও নন্দীগ্রাম দুটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হন এবং দুটি আসনেই জয়লাভ করেন। এমনকী ভবানীপুর আসনে তৎকালী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। তবে নিয়ম মেনে জয়ী দুটি কেন্দ্রের মধ্যে নন্দীগ্রাম আসন ছাড়তে হয় মুখ্যমন্ত্রীকে। ফলে নন্দীগ্রাম আসনটিতে উপনির্বাচন শুধু সময়ের অপেক্ষা ছিল। যদিও এই উপনির্বাচনে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক নাম উঠে আসতে শুরু করেছে। কোথাও আবার অঞ্জন ভারতীর সমর্থনে দেওয়াল লিখনও হয়ে যায়। তাছাড়া মেঘনাদ পালের নামও বিজেপির প্রার্থী হিসেবে লোকমুখে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে স্পিকটি নট বিজেপি নেতৃত্ব। তবে বিজেপি নেতৃত্বের দাবী, ভারতীয় জনতা পার্টি একটি শৃঙ্খলাপরায়ণ দল। দল যাকে প্রার্থী করবে তাকেই সকলে মেনে নেবে। অন্যদিকে তৃণমূলের কে প্রার্থী হবে তা নিয়ে এখনও কোন নাম শোনা যাচ্ছে না। যদিও অখিল গিরি’কে প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর।