• সিল করা বোতলেও নোংরা, জল পান করে অসুস্থতাবোধ স্বয়ং জেলাশাসকের
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • অতিথিদের জন্য টেবিলে সাজানো রয়েছে পানীয় জলের বোতল। সেখান থেকে একটি বোতল নিয়ে জল খাওয়ার সময়েই বিপত্তি। স্বয়ং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক দেখলেন, সিল করা বোতলের জলেও রয়েছে নোংরা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় প্রশাসনিক আধিকারিকদের মধ্যে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

    বর্তমান সময়ে বাড়িতে বাড়িতে পানীয় জলের বোতল তৈরি করে বাজারে বিক্রি হচ্ছে। সেই জল নিরাপদ নয়, তার প্রমাণ মিলল পূর্ব মেদিনীপুরের তমলুকে। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের প্রতিনিয়ত বিভিন্ন মিটিং বৈঠক হয়ে থাকে। অতিথিদের জন্য পানীয় জলের বোতল লাগে। এ দিন জেলাশাসকের দপ্তরে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার-সহ অন্যান্য আধিকারিকরা।

    ভার্চুয়াল সভা চলাকালীন জেলাশাসককে দেওয়া জলের বোতলে দেখা যায় নোংরা-আবর্জনা রয়েছে। সেই জল পান করে অসুস্থবোধ করেন জেলাশাসক। সঙ্গে সঙ্গে ত্রেতা সুরক্ষা দপ্তরকে বিষয়টি খোঁজ নিয়ে দেখতে বলেন। কোন কোম্পানির জল, কী ভাবে সেখানে পানীয় জল বোতলে ভরা হয়, পুরো বিষয়ে খোঁজখবর নিতে বলা হয়।

    জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, ‘যে সংস্থা এই ধরনের কাজ করে চলেছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।’ সেই সঙ্গে স্বাস্থ্যবিধি না মেনে যারা পানীয় জল বাজারে বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)