• কমলালেবু বিক্রির টাকায় গড়েছিলেন স্কুল, এ বার পদ্মশ্রীপ্রাপক হাজাব্বাকে SIR নোটিস নির্বাচন কমিশনের
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • দেশে শিক্ষার প্রসারে অভূতপূর্ব অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল কেন্দ্রীয় সরকার। সেটা ২০২০। তার ঠিক ৬ বছর পরে ভোটার তালিকায় নামে অসঙ্গতির অভিযোগে পদ্মশ্রী সম্মানে ভূষিত হরেকালা হাজাব্বাকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। ১১ সেপ্টেম্বর তাঁকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে হাজিরা দিতে বলা হয়েছে।

    গত ৩০ জুন থেকে SIR-এর কাজ শুরু হয়েছে কর্নাটকে। এর মধ্যে সোমবার তাঁর ম্যাঙ্গালুরুর নিউ পাডপু গ্রামের বাড়িতে কমিশনের নোটিস পৌঁছে দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। কমিশনের তরফে জানানো হয়েছে, ২০০২-এর ভোটার তালিকায় তাঁর নামের জায়গায় শুধু লেখা রয়েছে ‘হাজাব্বা’। কিন্তু বর্তমান আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট এবং নতুন ভোটার কার্ড-সহ সমস্ত সরকারি নথিতে লেখা ‘হরেকেলা হাজাব্বা’। এই ‘গড়মিলের’ জন্যই তাঁকে পাঠানো হয়েছে নোটিস।

    হাজাব্বাকে আগামী ১১ সেপ্টেম্বর, শুক্রবার সমস্ত নথিপত্র নিয়ে পঞ্চায়েত অফিসে হাজিরার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ঘটনার কথা জানাজানি হতেই বিতর্ক শুরু হয়। তৎপর হন নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গিয়েছে, এদিন তাঁর বাড়িতে যান নির্বাচন কমিশনের একদল প্রতিনিধি। তাঁরা হাজাব্বার কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন। একই সঙ্গে ভোটার তালিকায় ত্রুটি সংশোধনের আশ্বাস দিয়ে নোটিসটি প্রত্যাহারও করে নেন।

    এক সময়ে ম্যাঙ্গালুরুর রাস্তায় কমলালেবু বিক্রি করতেন হরেকেলা হাজাব্বা। বাড়িতে স্ত্রী, দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে তাঁর সংসার। হরেকেলা নিরক্ষর। কিন্তু চেয়েছিলেন, তাঁর গ্রামের সবাই যেন শিক্ষিত হয়। কমলালেবু বিক্রির টাকা জমিয়ে গ্রামে একটি স্কুল তৈরি করেন তিনি। হরেকেলার নাম হয়ে যায় ‘অরেঞ্জ ম্যান’। ২০২০-তে তাঁকে পদ্মশ্রী সেম্মানে ভূষিত করে কেন্দ্রীয় সরকার।

    গত ৩০ জুন থেকে SIR-এর কাজ চলছে কর্নাটকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, ৪৩.৮১ লক্ষ ভোটারকে নোটিস পাঠানো হবে। এর মধ্যে প্রায় ৭.৩১ লক্ষ নোটিস ইতিমধ্যেই ভোটারদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। SIR-এর পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৭ অক্টোবর।

  • Link to this news (এই সময়)