• চা-শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস, নির্দেশিকা রাজ্যের
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, শিলিগুড়ি ও আলিপুরদুয়ার: পুজোয় উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য কুড়ি শতাংশ বোনাস দেওয়ার পরামর্শ দিল রাজ্য সরকার। সোমবার উত্তরবঙ্গের অতিরিক্ত লেবার কমিশনার অমল মজুমদার এই অ্যাডভাইজ়ারি জারি করেছেন। ৫ অক্টোবরের মধ্যে বোনাস বাবদ প্রাপ্য মিটিয়ে দিতে বলা হয়েছে।

    গত বছরও শ্রম দপ্তর কুড়ি শতাংশ বোনাস দেওয়ার জন্য অ্যাডভাইজ়ারি জারি করেছিল। কোনও দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক বৈঠক ছাড়াই এ বছরও বোনাস ঘোষণা হয়েছে। এতে প্রায় পাঁচ লক্ষ চা-শ্রমিক উপকৃত হবেন। গত বছর বোনাস ঘোষণার পরেও বেশির ভাগ চা-বাগানের শ্রমিকেরা ২০ শতাংশ হারে বোনাস পাননি বলে অভিযোগ। তা নিয়ে এখনও শ্রমিক মহলে ক্ষোভ রয়েছে। ২০ শতাংশ হারে বোনাস দেওয়া নিয়ে চিন্তায় পড়েছেন চা-বাগানের মালিকদের একাংশ। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে চা-শিল্পে মন্দা চলছে। নিলামে চায়ের দাম কম। অথচ দিন দিন উৎপাদন খরচ বাড়ছে। এই অবস্থায় মধ্যে ২০ শতাংশ হারে বোনাস দেওয়া আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দিহান মালিকপক্ষ।

    বামেদের চা শ্রমিক ইউনিয়ন চিয়া কামান মজদুর ইউনিয়নের দার্জিলিং জেলা সাধারণ সম্পাদক গৌতম ঘোষ বলেন, 'তৃণমূল আর বিজেপির মধ্যে ফারাক কিছু নেই। তৃণমূলও কুড়ি শতাংশ বোনাস বিলির অ্যাডভাইজ়ারি জারি করেছিল। শেষ পর্যন্ত বেশির ভাগ চা বাগানের শ্রমিকেরা সেটা পাননি। এখন শেষ পর্যন্ত শ্রমিকেরা কতটা বোনাস পান, সেটাই দেখার।' কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি অবশ্য শ্রম দপ্তরের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

    সংগঠনের সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী বলেন, 'গত বছরের বোনাসও বকেয়া রয়েছে। সেটাও শ্রমিকদের প্রাপ্য।রাজ্য সরকারকে ওই বকেয়া বোনাসের কথা ভুললে চলবে না।' শ্রম দপ্তরের এই অ্যাডভাইজ়ারিকে স্বাগত জানিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিপ্পা। তিনি বলেন, 'সরকার নির্দেশিকা দিয়ে অ্যাডভাইজ়ারি দেওয়ায় দ্বিপাক্ষিক বৈঠকের প্রয়োজন থাকল না। সরকার শ্রমিকদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকরাও এতে খুশি।'

  • Link to this news (এই সময়)