এই সময়, নাদনঘাট: মন্দিরের সেবাইতকে মেরে বের করে দিয়ে লুটপাট চালিয়ে মন্দির দখলের অভিযোগ উঠল কয়েক জন সন্ন্যাসী ও এলাকার কিছু বাসিন্দার বিরুদ্ধে। নাদনঘাট থানা এলাকার নিমতলা বাজারের উঁচু চাঁপাহাটিতে রয়েছে ৫০০ বছরের বেশি প্রাচীন শ্রীশ্রী গৌর গদাধর মন্দির। সেই মন্দিরেরই সেবাইত নিত্যানন্দ ব্রহ্মচারী এই মারধরের শিকার হয়েছেন।
ঘটনার পর থেকে তিনি মন্দিরে প্রবেশ করতে পারছেন না বলে সোমবার জানিয়েছেন ওই সেবাইত। তিনি ইমেলে নাদনঘাট থানায় অভিযোগও জানিয়েছেন। এলাকার বাসিন্দাদের কাছ থেকেও পুলিশের কাছে জমা পড়েছে মাস পিটিশন। অভিযোগের তদন্ত শুরু করেছেনাদনঘাট থানার পুলিশ।
এই হামলা চালানো হয় গত ১ সেপ্টেম্বর। তার একটি ভিডিও (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) সোমবার ভাইরাল হয়েছে। তাতে কয়েক জনকে মন্দিরের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে টাকাপয়সা বার করে গুনতে দেখা গিয়েছে। মন্দিরটির সেবাইত এ দিন বলেন, ‘ঘটনার পরেই পুলিশকে সব জানিয়েছিলাম। তবে এ দিন হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পরে ঘটনাটি নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত ৩০ বছর ধরে সেবাইত হিসাবে নিযুক্ত আছি। মন্দিরের রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্বে রয়েছি। মন্দির নিয়ে আদালতে মামলা চলছে। মন্দির দখল করার উদ্দেশ্যে গত পয়লা সেপ্টেম্বর কয়েক জন সন্ন্যাসী ও এলাকার কয়েক জন আমাকে মারধর করে বের করে দেয়।’
তাঁর অভিযোগ, ‘যে ঘরে আমি থাকতাম, সেই ঘরের তালা ভেঙে ডলার ও ইউরোতে বিদেশি ভক্তদের দানের অর্থ, বিভিন্ন দেশের ভাষায় লেখা হরিকথার ডায়েরি, প্রণামীর কয়েক লক্ষ টাকা এবং আমার আধার কার্ড ও প্যান কার্ড লুট করা হয়। প্রাণনাশের হুমকি দেওয়ায় চুরির পরে মন্দিরে ঢুকতে পারছি না। বিচার চেয়ে আইনের দ্বারস্থ হয়েছি।’