দামোদর নদ থেকে মর্টার সেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি এলাকায় দামোদর নদ থেকে একটি মর্টার উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই মর্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। কয়েক মাস আগেও ওই এলাকা থেকে মর্টার উদ্ধার হয়েছিল।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে রাঙ্গামাটি সংলগ্ন এলাকায় দামোদরের পাড়ে মর্টার পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। সোনামুখী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারের চারদিকে ব্যারিকেড দেয়। তা দেখতে স্থানীয়রা ভিড় জমান এলাকায়।
পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগেও এই এলাকায় এই ধরনের মর্টার উদ্ধার হয়েছিল। খবর পেয়ে সেনাবাহিনী এসে ওই মর্টার নিষ্ক্রিয় করে দিয়েছিল। ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ওই মর্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। কয়েক মাসের ব্যবধানে ফের মর্টার উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবারের ঘটনার পরে স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনায় তাঁরা আতঙ্কিত। এই এলাকায় আরও এমন মর্টার পড়ে রয়েছে কি না তা খতিয়ে দেখতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন , ‘ইতিমধ্যেই আমরা এলাকার মৎস্যজীবীদের সতর্ক করেছি যাতে করে ওই মর্টারের আশেপাশে কেউ না যায়। মর্টার দ্রুত কী ভাবে নিষ্ক্রিয় করা যায় তার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।’