এই সময়, দুর্গাপুর: ১৯তম আন্তর্জাতিক ভূবিজ্ঞান (আর্থ সায়েন্স) অলিম্পিয়াডে ন'টি পদক জিতে চমক ভারতীয় দলের। ইতালির তুরিনে সম্প্রতি আয়োজিত এই অলিম্পিয়াডে ভারতীয় দলের প্রতিনিধিরা চারটি সোনা, তিনটি রুপো ও দু'টি ব্রোঞ্জ জিতেছে। সর্বোচ্চ পদক জয়ে ভারত শীর্ষে। এর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে দুর্গাপুরের সৌমিক মণ্ডল। সে দু'টি সোনা ও একটি রুপো জিতেছে।
২০-২৭ অগস্ট তুরিন শহরে ইউনির্ভাসিটি অফ তুরিন সায়েন্স ক্যাম্পাসে এই অলিম্পিয়াড হয়। বিশ্বের ৩৯টি দেশের ছাত্রছাত্রীরা অংশ নেয়। দুর্গাপুরের সৌমিক লিখিত ও প্র্যাক্টিকাল বিভাগে তৃতীয় হয়ে প্রথম সোনাটি জেতে। দ্বিতীয় সোনা আসে ইন্টারন্যাশনাল টিম ফিল্ড ইনভেস্টিগেশনে। রুপো জয় ভূবিজ্ঞান প্রজেক্টের জন্য।
এই অলিম্পিয়াডে অংশ নেওয়ার ক্ষেত্রে কঠিন পরীক্ষা দিতে হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা এই অলিম্পিয়াডে অংশ নিতে পারে। জিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে দেশের ৫০০টি কেন্দ্রে পরীক্ষা হয়। এ বারের পরীক্ষায় অংশ নিয়েছিল ১৭,৮০০ ছাত্রছাত্রী। তার মধ্যে থেকে বাছাই করা ২৫ জনকে নিয়ে যাওয়া হয় গুজরাটে।
ভদোদরা এমএস বিশ্ববিদ্যালয়ে তিন সপ্তাহের প্রশিক্ষণের পরে সাত দিনের প্রশিক্ষণ হয় চেন্নাইয়ে। সেখান থেকে ভারতীয় দল উড়ে যায় তুরিনে। আর্থ অলিম্পিয়াডে লিখিত পরীক্ষা ছাড়া থাকে প্র্যাক্টিক্যাল। আন্তর্জাতিক যৌথ ফিল্ড ইনভেস্টিগেশন ও ভূবিজ্ঞানের প্রজেক্টের মাধ্যমে ভূ-পদার্থবিদ্যা, আবহাওয়া বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞানের মতো জটিল বিষয়ে ছাত্রছাত্রীদের মেধা যাচাই করা হয়।
দুর্গাপুর স্টিল টাউনশিপ এ-জোন অঞ্চলের দয়ানন্দ রোডের বাসিন্দা সৌমিক দ্বাদশ শ্রেণির ছাত্র। বাবা কৌশিক মণ্ডল কাজ করেন এক বেসরকারি সংস্থায়। মা মৌসুমি মণ্ডল সংসার সামলান। ছেলের সাফল্যে গর্বিত মা বললেন, 'বিষয়টা খুব কঠিন ছিল। সৌমিক এত ভালো করবে, তা ভাবতেই পারিনি।' সৌমিক জানিয়েছে, আগামী দিনে সে জিও-কেমিস্ট্রি নিয়ে আইআইটিতে পড়তে চায় ও এই বিষয়ের উপরে গবেষণা করতে চায়।
কেন্দ্রীয় ভূবিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রানা ভারতীয় দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন দিল্লির পৃথ্বী ভবনে। তাদের সংবর্ধনা জানান তিনি।