• রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুর্গাপুজো, শুরু রাজনৈতিক তরজা
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্গাপুজোর আয়োজন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কর্তৃপক্ষ দুর্গাপুজোর সিদ্ধান্ত নিতেই বিরোধীতায় সরব হয়েছেন কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভাপতি মোহিত সেনগুপ্ত। যদিও বিজেপির দাবী, দুর্গাপুজো ক্যাম্পাসে হলে সমস্যা কোথায়? ক্যাম্পাসে অনেক ছাত্রছাত্রী প্রশাসনিক আধিকারিকরা থাকেন। তাঁরা যদি পুজোর আয়োজন করেন, তাতে সমস্যা কোথায়?

    কয়েকদিন আগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেন ক্যাম্পাসে দুর্গাপুজো হচ্ছে বলে জানান। তারপরই এনিয়ে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ প্রশ্ন তুলে সরাসরি বিরোধিতা করেন মোহিতবাবু। তিনি তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাঙ্গনে ভক্তির আড়ালে ক্ষমতার তোষামোদ হচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের আসল পরিচয় তার ক্লাস রুমে, গবেষণাগারে ও পঠনপাঠনের উৎকর্ষে। অথচ  দূরদর্শিতার অভাবে এক আশঙ্কাজনক অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়। যেখানে ভর্তি হতে পড়ুয়াদের আগ্রহ দিন দিন কমছে। সেখানে পরিকাঠামোর উন্নয়ন না করে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই ‘উৎসব প্রীতি’ কোনো স্বাভাবিক সিদ্ধান্ত হতে পারে না। শিক্ষার মানোন্নয়ন ঘটাতে ব্যর্থ হয়ে কি এই ধর্ম ও উৎসবকে হাতিয়ার করা হচ্ছে? বিশ্ববিদ্যালয়কে ক্লাবের রূপ দেওয়া হচ্ছে? রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে উৎসবের আখড়া না হয়ে পঠনপাঠনের পরিবেশ ফিরে আসুক।

    বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্গাপুজো করা কি অপরাধ? আমরা জানি বিরোধী রাজনৈতিক দল বিগত দিনে কিভাবে শিক্ষাঙ্গনগুলিকে কলুষিত করবার চেষ্টা করেছিলো। সেই সমস্যা মিটিয়েছে বিজেপি সরকার। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো একগুচ্ছ বিষয়ে আমরা নজর রাখছি। স্বচ্ছতা বজায় রাখছি। বিশ্ববিদ্যালয়ে কোনো সমস্যা হবে না। 
  • Link to this news (বর্তমান)