• কেন্দ্রের স্বীকৃতি পেয়েও পর্যটন মানচিত্রে এখনও ঠাঁই পায়নি ঐতিহাসিক বড়নগর
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, লালবাগ: ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে ভাগীরথীর পশ্চিম পাড়ের বড়নগরকে কৃষি পর্যটনে দেশের সেরা গ্রাম হিসেবে ঘোষণা করে ভারত সরকারের পর্যটন মন্ত্রক। স্বীকৃতি লাভের পর দু’বছর কাটতেচললেও সাবেক নবাবি তালুকের দর্শনীয় স্থান বড়নগরকে পর্যটনের মানচিত্রে তুলে ধরতে কেন্দ্র কিছুই করেনি বলে অভিযোগ। যদিও স্থানীয় বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের দাবি, ইতিমধ্যে বড়নগরের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। খুব শীঘ্রই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হবে। পাশাপাশি সব এলাকাকে আলোয় মুড়ে ফেলার জন্য হাইমাস্ট ও এলইডি লাইট লাগানো হবে।

    মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের মুকুন্দবাগ পঞ্চায়েতে রয়েছে এই বড়নগর। বালিকা বয়সে স্বামীকে হারান অবিভক্ত বাংলার নাটোরের রানি ভবানি। বিধবা হওয়ার পরইতিনি চলে আসেন বড়নগরে। তখন বাংলাদেশের রাজশাহী জেলার রাজধানী ছিল এই বড়নগর। রানি ভবানি বড়নগরকে দেশের দ্বিতীয় বারাণসী  হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়ে ১০৭টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এর মধ্যে অন্যতম  এই ভবানীশ্বর মন্দির। শিব ভূমি কাশীতেও ভবানীশ্বর নামের একটি মন্দির নির্মাণ করান তিনি। অনুমান করা হয়, কাশীধামের পরে অর্থাৎ ১৭৫৫ খ্রীস্টাব্দে বড়নগরে  ভবানীশ্বর শিবমন্দির  গড়েন তিনি। এছাড়াও রয়েছে সুপ্রসিদ্ধ টেরাকোটার চারবাংলা মন্দির সহ একাধিক মন্দির।  প্রজাহিতৈষী রানি ভবানি বড়নগরে শুধু পূজার্চনা আর মন্দির নিয়ে সময় ব্যয় করেননি। তিনি এলাকার আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন করতে পানীয় জল ও কৃষি, সেচের ব্যবস্থা করতে পুকুর খননও করান। অষ্টাদশ শতকের আধুনিক চিন্তা চেতনার এই রমনী  ক্রমেই প্রজাদের কাছে দেবী হিসেবে পূজিত হতে থাকেন। এহেন বড়নগর কেন্দ্র সরকারের পর্যটন মন্ত্রকের বিচারে কৃষি পর্যটনে দেশের সেরা গ্রামের শিরোপা লাভ করলে জেলাবাসী আশায় বুক বাঁধতে শুরু করেছেন। 

    মুর্শিদাবাদের ইতিহাস গবেষক সমীর ঘোষের কথায়, বড়নগর জুড়ে রয়েছে স্থাপত্য এবং ইতিহাসের ভান্ডার। কেন্দ্র সরকারের ঘোষণার পর ভেবেছিলাম ওই ঐতিহ্য রক্ষণাবেক্ষণের পাশাপাশি নদী ভাঙনের হাত থেকে বড়নগরকে রক্ষার তৎপরতা শুরু হবে। কিন্তু যতদিন যাচ্ছে হতাশ হচ্ছি। জেলা পর্যটন দপ্তরের আধিকারিক সব্যসাচী খান রায়ের সঙ্গে বড়নগরের প্রতিনিধি হয়ে দিল্লিতে ওই স্বীকৃতি নিতে উপস্থিত ছিলেন রানি ভবানি বিদ্যাপীঠের পরিচালন কমিটির সম্পাদক উৎপল মণ্ডল। 
  • Link to this news (বর্তমান)