নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘাসফুল প্রতীকে জোড়া বিধানসভা আসনের উপনির্বাচনে লড়বে কোন দল—মমতা তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল? আগামী কয়েকদিন বিস্তর আলোচনা চলবে এনিয়ে। সোমবার নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতেই তা শুরু হয়ে গিয়েছে। ৬ অক্টোবর উপনির্বাচন হবে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনে। ফল প্রকাশ ৯ অক্টোবর।
এই ভোটে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর থেকেও আলোচনা বেশি তৃণমূলকে নিয়ে। কারণ গত ৪ মে’র পর থেকে তৃণমূল দুভাগ হয়ে গিয়েছে। দুই শিবিরই ঘাসফুল প্রতীকের দাবিদার। বিষয়টি অবশ্য এখন নির্বাচন কমিশনের এক্তিয়ারে। উপনির্বাচনের আগেই ঘাসফুল প্রতীক নিয়ে কমিশন কোনো সিদ্ধান্ত ঘোষণা করে দিলে বিষয়টি সহজ হয়ে যাবে। অন্যথায় তৈরি হবে জটিলতা। এই আবহে ঋতব্রত শিবিরের অন্যতম নেতা আখরুজ্জামানের দাবি, আমরা শীঘ্রই ঘাসফুল প্রতীক পেয়ে যাব। এই উপনির্বাচনে আমরা প্রার্থী দেব সেইমতোই। অন্যদিকে, মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ বলেন, দলের অভ্যন্তরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এদিকে, মেট্রোপলিটনে তৃণমূল ভবনে কলকাতা ও হাওড়া পুর নির্বাচনের প্রস্তুতি বৈঠক সারল ঋতব্রত তৃণমূল। দুই পুরসভার সব আসনেই প্রার্থী দেওয়ার তোড়জোড় করছে তারা।