• দক্ষিণবঙ্গে কাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত চলবে। আগামী কাল বুধবার পর্যন্ত কয়েকটি জেলার কোনো কোনো স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও জোরালো হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ায় ‘কমলা’ ও ‘লাল’ সতর্কতা জারি করা হয়। এই জেলাগুলির মধ্যে দুই ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম ছিল। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সবথেকে বেশি ৯৪ মিমি বৃষ্টি হয়েছে। এই সময়ে মেদিনীপুরে ৩৭ মিমি, কৃষ্ণনগরে ৩৩ মিমি ও কলকাতায় ১৭ মিমি বৃষ্টি হয়েছে।

    আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণবঙ্গে যেসব জায়গায় শক্তিশালী বজ্রমেঘ সঞ্চার হচ্ছে সেখানে বেশি বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ির মগুলকাটা চা বাগানে ১০১.৬ মিমি এবং আলিপুরদুয়ারের ফালাকাটায় ১০০.৪ মিমি বৃষ্টি হয়েছে। দুই জেলার বিভিন্ন জায়গায় ৪৭ থেকে ৮৬ মিমি পর্যন্ত বৃষ্টিও রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের ওইসব জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজস্থানের গঙ্গানাগর থেকে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। উত্তর-পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করে বিভিন্ন জায়গায় বৃষ্টির মেঘ তৈরি করছে। কয়েকদিন আগে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি এখনো  উত্তরপ্রদেশের উপর থাকার ফলে সেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পশ্চিম উত্তরপ্রদেশের বেরিলিতে ৩৮০ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা ছিল দেশের ভিতরে সর্বোচ্চ।
  • Link to this news (বর্তমান)