পার্কিংয়ে আপত্তি, বৃদ্ধ বাবা-মা সহ বিজেপি কর্মীকে নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার ২
বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাড়ির সামনে লরি ও বাইক পার্কিং করা ছিল। এ নিয়ে আপত্তি জানানোয় বিজেপি কর্মী ও তাঁর বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে হাওড়ার নাজিরগঞ্জের বরফ কল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগের ভিত্তিতে রাতেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরফ কল এলাকার বাসিন্দা বিজেপি কর্মী প্রদীপ ঘোষের বাড়ির সামনে নিয়মিত লরি ও বাইক রাখা হয়। এ নিয়ে আপত্তি ছিল পরিবারের। রবিবার রাতে এই পার্কিং নিয়ে বচসার সূত্রপাত হয়। অভিযোগ, এরপর কয়েকজন তাঁদের বাড়িতে চড়াও হয়ে প্রদীপের বাবা কৃষ্ণপদ ঘোষ ও মা মালতি ঘোষকে মারধর করে। বাবা-মাকে বাঁচাতে গেলে প্রদীপকেও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় কৃষ্ণপদবাবুকে রাতেই হাওড়া জেলা হাসপাতালে ভরতি করা হয়। অভিযোগ, বৃদ্ধ কৃষ্ণপদ ঘোষ ও তাঁর স্ত্রীকে মারধরের পাশাপাশি তাঁদের অশ্লীল গালিগালাজও করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দু’পক্ষের কয়েকশো মানুষ প্রদীপের বাড়ির সামনে জড়ো হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।
খবর পেয়ে সেখানে যান দক্ষিণ হাওড়ার বিজেপি নেতা শ্যামল হাতি। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপি কর্মী ও তাঁর বৃদ্ধ বাবা-মায়ের উপর হামলা চালিয়েছে। প্রদীপ ঘোষ অভিযুক্তদের বিরুদ্ধে নাজিরগঞ্জ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। রাতেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।