বাল্যবিবাহে কঠোর রাজ্য, বন্ধ হচ্ছে সরকারি সুবিধা, আট মাসে ৬০ হাজার নাবালিকার সন্তান প্রসব ঘিরে তোলপাড়
বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাপক হারে চলছে বাল্যবিবাহ। নাবালিকার সন্তানপ্রসবেও দেশে এক নম্বরে বাংলা। শুধুমাত্র চলতি বছরের প্রথম ৬ মাসেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে নাবালিকা মায়ের সন্তান প্রসবের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার! শীর্ষে মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ ২৪ পরগনা। স্বাস্থ্যদপ্তরের এই তথ্যের ভিত্তিতে ৬০ হাজার নাবালিকার স্বামীকে নোটিস ধরানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারও করা হতে পারে। বন্ধ করা হতে পারে তাদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও।
সোমবার নবান্নে স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ এবং ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পচা খাবার ধরা পড়ছে চারদিকে। পাশাপাশি উঠে আসছে সমাজের এই পচা দিকটার ছবি। এ বরদাস্ত করা হবে না। বাল্যবিবাহ প্রতিরোধ আইনটা মনে করিয়ে দিচ্ছি। ভয়ংকর অবস্থা। এজিনিস থামাতেই হবে। আরও বড়ো পুলিশি অভিযান হবে। বাড়ি বাড়ি থেকে তুলে আনব।’
স্বাস্থ্য জেলা অনুযায়ী মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়েছেন: মুর্শিদাবাদে ১২,৮৪৭, দক্ষিণ ২৪ পরগনায় ৪,১৭৮, পূর্ব বর্ধমানে ৩৭৭৭, মালদহে ৩,৭৪৩, পশ্চিম মেদিনীপুরে ৩,২২০, উত্তর দিনাজপুরে ২৯৪০, নদীয়া ২৯২৫, রামপুরহাট ২৩৯১, পুরুলিয়া ২১১৬, বসিরহাট ২০১৪, উত্তর ২৪ পরগনা ১৯৬১, কোচবিহার ১৯৪০, পূর্ব মেদিনীপুর ১৮৮৪, বীরভূম ১৮৭৩ এবং ডায়মন্ডহারবার ১৮০৬ নাবালিকার সন্তান প্রসবের ঘটনা ঘটেছে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশাই কমিটির রিপোর্ট হাতে পেলেই বিধানসভায় বিল আনবে রাজ্য।