• এবার পার্শ্বশিক্ষক, বনকর্মীদের বেতন বাড়াল সরকার, স্বস্তি এমএসকে-এসএসকেতেও
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারে এসেই বিভিন্ন দপ্তরের কর্মী-আধিকারিকের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণা কার্যকর করার পাশাপাশি নতুন করে শিক্ষা দপ্তরের ১৪টি গ্রুপের আধিকারিক-কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। সেখানে তিনি জানান, প্রাইমারি এবং আপার প্রাইমারি স্তরের পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, এসএসকে, এমএসকে, অ্যাকাডেমি সুপারভাইজারদের মাইনে বাড়ানো হচ্ছে। শুধু তাই নয়, ডেপুটি রেঞ্জার, হেড ফরেস্ট গার্ড, বন সহায়কদের মতো বনদপ্তরের বিভিন্ন কর্মী-আধিকারিকের বেতনও বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে সব মিলিয়ে লক্ষাধিক কর্মী অফিসার উপকৃত হবেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘স্কুলশিক্ষা দপ্তরের কর্মী-আধিকারিকদের জন্য বাজেটে বেশ কিছু ঘোষণা ছিল। কিন্তু অনেক গ্রুপ বাদ চলে গিয়েছিল। সেই বঞ্চিতদের বেতন বৃদ্ধির ক্ষেত্রেও ছাড়পত্র দিল মন্ত্রিসভা। শিক্ষা দপ্তরের এই ১৪টি গ্রুপের বেতন বৃদ্ধি করায় রাজ্যের বাড়তি খরচ হবে বছরে ৩৯০ কোটি টাকা।’

    কোন গ্রুপ এবং পদমর্যাদার কর্মী-অফিসারের কত টাকা করে বেতন বাড়ছে, তাও এদিন জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাইমারি স্তরের ২০,৩৪৩ জন প্যারাটিচারের বেতন ১ নভেম্বর থেকে পাঁচ হাজার টাকা বেড়ে হচ্ছে ১৬,৯৪১ টাকা। উচ্চ প্রাথমিকের ২১ হাজার ৮৪৯ জন পার্শ্বশিক্ষকের বেতন ১৫,৫২৩ টাকা থেকে বেড়ে হবে ২০,৫২৩ টাকা। শিশু শিক্ষা কেন্দ্রের (এসএসকে) ৩০,৫৯২ জন শিক্ষা সহায়ক-সহায়িকা এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (এমএসকে) ৬,২৯১ জন শিক্ষা সম্প্রসারকের মাইনেও পাঁচ হাজার টাকা করে বাড়ছে। এমএসকের ৩২৭ জন মুখ্য সম্প্রসারকের মাইনে ৬,০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। রাজ্যের ২,২৮০ জন শিক্ষাবন্ধুর প্রত্যেকের বেতন ৫০০০ টাকা বেড়ে গিয়ে দাঁড়াবে ১৬,৯৪১ টাকা। স্পেশাল এডুকেটরদেরও বেতনও বাড়ছে ৫,০০০ টাকা করে। ম্যানেজমেন্ট স্টাফ রয়েছেন ২,১৭৪ জন। তাঁদের পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হচ্ছে। ৪৯২ জন অ্যাকাডেমিক সুপারভাইজারের বেতনও বাড়বে। তবে মুখ্যমন্ত্রীর মৌখিক ঘোষণায় নাম না থাকায় বেতন বৃদ্ধি নিয়ে সন্দিহান বৃত্তিমূলক বিভাগের শিক্ষকরা।  

    সরকারের আগের ঘোষণা অনুযায়ী, বনদপ্তরের ডেপুটি রেঞ্জার, ফরেস্টার, হেড ফরেস্ট গার্ড এবং ফরেস্ট গার্ডের বেতনও পাঁচ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। ১ অক্টোবর থেকে তা কার্যকর হবে। বন সহায়কদের পারিশ্রমিক বৃদ্ধি হচ্ছে ২ হাজার টাকা করে। প্রাক্তন বিধায়কদের মেডিকেল বিল বাবদ খরচ ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ১ আগস্ট থেকেই ওই নিয়ম যাতে কার্যকর হয়, এদিন তার ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে সেবা কেন্দ্র পরিচালনার জন্য ১ জুন থেকে বিধায়কদের ৩০ হাজার টাকা করে দেওয়ার ক্ষেত্রেও এদিন মন্ত্রিসভার সিলমোহর পড়েছে। 
  • Link to this news (বর্তমান)