• আধার কার্ড ছাড়া ভরতি নেয়নি হাসপাতাল, বাড়ির পথে মৃত্যু
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: ফের প্রশ্নের মুখে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা। রোগীর আধার কার্ড না থাকায় তাঁকে ভরতি নিল না কর্তৃপক্ষ। আধার কার্ড আনতে বাড়ি যাওয়ার পথে হাসপাতাল চত্বরেই পড়ে গিয়ে মৃত্যু হল মহিলার। সোমবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত মহিলার নাম রেণু মণ্ডল (৫৪)। পেট্রাপোল থানার কালিয়ানির বাসিন্দা তিনি। জানা গিয়েছে, সোমবার বিকালে বুকে ব্যথা নিয়ে বনগাঁ হাসপাতালে এসেছিলেন রেণু মণ্ডল। সঙ্গে ছিলেন দিদি সরস্বতী সরকার।

    দিদি বলেন, ইমার্জেন্সি থেকে একটি কাগজ দিয়ে দোতলায় ওয়ার্ডে ভরতি হওয়ার জন্য যেতে বলা হয়। সেখানে গেলে এক মহিলা আধার কার্ড দেখতে চান। তিনি জানান. আধার কার্ড ছাড়া ভরতি নেওয়া যাবে না। আমি ও বোন আধার কার্ড আনতে বাড়ি যাচ্ছিলাম। মেন গেটের সামনে বোন মাথা ঘুরে পড়ে যায়। ফের তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি মারা গিয়েছেন। এই ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসপাতালে থাকা অন্যান্য রোগীর আত্মীয়রা। আধার কার্ড না থাকায় বিনা চিকিৎসায় মরতে হল এক মহিলাকে। ঘটনার পর দায় এড়ানোর চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ইমার্জেন্সিতে ডিউটিরত চিকিৎসক গৌরী মণ্ডল বলেন, আমরা এখান থেকে দেখে ভরতির জন্য দোতলার ওয়ার্ডে পাঠিয়েছিলাম। সেখানে কী হয়েছে, জানি না। তবে তিনি দাবি করেন, ওয়ার্ডে ভরতি হয়েছিলেন ওই মহিলা। হাসপাতালে ভরতি হওয়ার পর তিনি কীভাবে বাইরে গেলেন, তার কোনো উত্তর মেলেনি।
  • Link to this news (বর্তমান)