সার্কাসের তাঁবু থেকে উদ্ধার সদ্য কাজে যোগ দেওয়া কর্মীর দেহ, চাঞ্চল্য অণ্ডালে
eTV Bharat | ০৮ সেপ্টেম্বর ২০২৬
উখড়া (পশ্চিম বর্ধমান), 8 সেপ্টেম্বর: খনি অঞ্চল ও সংলগ্ন গ্রামাঞ্চলের জনপ্রিয় আসানসোল মহকুমার উখড়ার ঝুলনমেলা শুরু হয়েছে ঘটা করে। মেলায় দোকানপাটের পাশাপাশি বসেছে সার্কাসও। এরই মধ্যে মঙ্গলবার সকালে সার্কাসের তাঁবুর ভিতর এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ৷
অণ্ডাল থানার নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, "মৃতদেহ উদ্ধার করে তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে দেখা হচ্ছে কাদের সঙ্গে তিনি মৃত্যুর আগে যোগাযোগ করেছিলেন ৷" এদিকে, সার্কাসের তাঁবুতেই এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
মৃতপ্রায় শিল্পে পরিণত হয়েছে সার্কাস শিল্প ৷ এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এখনও যখন বেশকিছু সার্কাস কোম্পানি এবং শিল্পীরা দাঁতে-দাঁত চেপে লড়াই করছেন সেই সময় এক অঘটন ঘটল ৷ সার্কাসের তাঁবু তৈরির জন্য নকশা আঁকার অভিজ্ঞতা সম্পন্ন অনিল কুমার ঠাকুর (57) সপ্তাহখানেক আগে এসে যোগ দেন অজন্তা সার্কাসে।
সার্কাসের তাঁবু কীভাবে বাঁধা হবে, নকশা আঁকার দক্ষ এবং অভিজ্ঞতালব্ধ অনিলকে অজন্তা সার্কাস কোম্পানি কাজে নিযুক্ত করেন। আর আজ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ মৃত অনিল কুমার ঠাকুর নদিয়া জেলার বেতাই গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
সার্কাস ম্যানেজার রথীন্দ্র কুমার চট্টোপাধ্যায় বলেন, "তাঁবু বাঁধা ও তৈরির নকশা আঁকার কাজে দক্ষ ছিলেন অনিল ৷ কিছুদিন আগেই তিনি সার্কাসে কাজে যোগ দেন ৷ সোমবার রাত সাড়ে আটটা পর্যন্ত তিনি কাজ করেছিলেন ৷ এরপর মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তাঁর পারিবারিক কোনও ঝামেলা ছিল কি না, আমরা তা জানি না। কারণ তিনি একেবারেই নবীন সদস্য আমাদের সার্কাসে। পুলিশের তদন্ত রিপোর্ট পাওয়া গেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। তবে মানুষ হিসেবে এই ক'য়েকটা দিন তাঁকে যা দেখেছি তিনি ভালো মানুষ ছিলেন।"
এদিকে ঘটনাটি কীভাবে ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে ৷