• পুজোর আগেই ফের ছুটবে ভারত-বাংলাদেশ ট্রেন? বৈঠক ঢাকায়
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি

    ভারত ও বাংলাদেশ সম্পর্কে উষ্ণতা ফেরার আভাস মিলছে৷ জোরালো হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রিবাহী ট্রেন পরিষেবা ফের চালু হওয়ার সম্ভাবনা৷ দিল্লিতে রেল মন্ত্রক সূত্রের দাবি, দুর্গাপুুজোর আগেই ফের শুরু হতে পারে ভারত ও বাংলাদেশের মধ্যে একসময় চলাচলকারী মৈত্রী, মিতালি এবং বন্ধন এক্সপ্রেস পরিষেবা৷ আজ, মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের উচ্চপদস্থ রেলকর্তাদের দ্বিপাক্ষিক বৈঠক৷

    'ইন্টার গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং' (আইজিআরএম) নামে পরিচিত দু'দিনের এই বৈঠকেই বন্ধ থাকা ট্রেন পরিষেবা পুনরায় শুরু করা নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে৷ রেল মন্ত্রক সূত্রের দাবি, পুরোনো তিনটি যাত্রিবাহী ট্রেন পরিষেবা পুনরায় শুরু করার পাশাপাশি বাংলাদেশ চাইছে রাজশাহী এবং কলকাতার মধ্যে নতুন রুটে যাত্রিবাহী ট্রেন পরিষেবা শুরু করতে৷ এই বিষয় নিয়েও আলোচনা করা হতে পারে ঢাকার বৈঠকে৷ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত রেল ভবনে নির্ধারিত বৈঠকের দিকেই আপাতত তাকিয়ে দু'দেশের রাজনৈতিক মহল৷

    প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বাতিল হওয়ার পরে দু'দেশের সম্পর্কে যে শীতলতা এসেছে তা দূর করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেস পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত, মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ৷ ঢাকার বৈঠকে উপস্থিত থাকবেন দু'দেশের বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আমলারাও৷ এর পাশাপাশি বাংলাদেশের সরকার চাইছে কলকাতা ও ঢাকার রুটে আগে চলতে থাকা মৈত্রী এক্সপ্রেসের রুট পরিবর্তন করে যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ট্রেন চালাতে৷ এই বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে ঢাকার বৈঠকেই৷

    পদ্মাপারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বন্ধ মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেস৷ দু'দেশের যোগাযোগের অন্যতম সহজ ও সুলভ উপায় ছিল এই তিনটি ট্রেন, যেখানে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে বাংলাদেশের সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়েছিল৷ শেখ হাসিনা সরকারের পরে বাংলাদেশে যখন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল, সেই সময়েও এই তিনটি ট্রেন পরিষেবা শুরুর বিষয়ে কোনও ইচ্ছে প্রকাশ করেনি বাংলাদেশ৷ এখন পরিবর্তিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার যখন পুনরায় দু'দেশের মধ্যে ট্রেন চলাচলকে স্বাভাবিক করতে আগ্রহী, তখন ভারতের দিক থেকেও সমান আগ্রহ দেখানো হয়েছে৷ এই আবহে শেষ পর্যন্ত কোন কোন বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়, সেদিকেই তাকিয়ে দু'দেশের রাজনৈতিক মহল৷

  • Link to this news (এই সময়)