খারাপ আবহাওয়ার কারণে কালিম্পংয়ে নামতে পারল না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টার। শেষমেশ তা অবতরণ করে উত্তরকন্যার কাছে একটি হেলিপ্যাডে।
মঙ্গলবার কালিম্পংয়ে সরকারি কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। সেই মতো সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে কপ্টারে করে কালিম্পংয়ের উদ্দেশে রওনা হন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ডুরপিন হেলিপ্যাড অবতরণ করতে পারেনি মুখ্যমন্ত্রীর কপ্টার। শেষমেশ শুভেন্দুর কপ্টার ফিরিয়ে আনা হয় শিলিগুড়িতে। অবতরণ করানো হয় উত্তরকন্যার কাছে একটি হেলিপ্যাডে।
যদিও এই কারণে মুখ্যমন্ত্রীর কালিম্পংয়ের কর্মসূচি বাতিল করা হয়নি। সিদ্ধান্ত হয়েছে, শিলিগুড়ি থেকেই ভার্চুয়াল মাধ্যমে সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এ কথা জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
প্রশাসনিক সূত্রে খবর, কালিম্পং টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক ভরত ছেত্রী, সোনম লামা ও নোমান রাই। পরে শিলিগুড়ির উত্তরকন্যাতেও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর।