• হরিয়ানার KMP এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কা, মৃত ৩ পুণ্যার্থী
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • হরিয়ানার বাহাদুরগড়ে মঙ্গলবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন পুণ্যার্থীর। আহত হয়েছেন অন্তত ১৫ জন। কুন্ডলি-মানেসর-পালওয়াল (KMP) এক্সপ্রেসওয়েতে মান্ডোথি গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। পুণ্যার্থীদের নিয়ে একটি পিকআপ ভ্যান উত্তরপ্রদেশের চানদৌসি ফিরছিল। সেই সময়ে পিছন থেকে একটি ক্যান্টার ট্রাক সজোরে ওই পিকআপ ভ্যানে ধাক্কা মারে বলে অভিযোগ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনা ঘটে মঙ্গলবার ভোর ৫টা নাগাদ। ওই পিকআপ ভ্যানের পুণ্যার্থীরা রাজস্থানের গোগামেড়ি ধাম থেকে পুজো দিয়ে চানদৌসি ফিরছিলেন। তাঁদের মধ্যে অনেকেই মহিলা ও শিশু।

    জখম যাত্রীদের কয়েকজন জানান, দুর্ঘটনার সময়ে পিকআপ ভ্যান ধীর গতিতেই চলছিল। আচমকাই পিছন দিক থেকে একটি ক্যান্টার ট্রাক এসে তাঁদের ভ্য়ানে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই জোরে হয় যে, ভ্যানটির ব্যাপক ক্ষতি হয়। বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভিতরেই আটকে পড়েন।

    দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ও উদ্ধারকাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে নিকচবর্তী বাহাদুরগড় সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, প্রাথমিক চিকিৎসার পরে গুরুতর আহত তিনজনকে রোহতকের হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের অবস্থা তুলনামূলক ভাবে স্থিতিশীল বলে জানা গিয়েছে।

    পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে ইতিমধ্যেই আসোদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। থানার সাব ইনস্পেক্টর আধিকারিক জয় ভগবান জানিয়েছেন, চালককে খুঁজতে সব জায়গায় তল্লাশি শুরু হয়েছে। এলাকার CCTV ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি আহতদের বয়ানও রেকর্ড করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)