সাইবার ক্রাইমের শিকার দুর্গাপুরের ব্যবসায়ী। জানা গিয়েছে, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা প্রবুদ্ধ ঘোষ প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ, ওই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে প্রায় ৬ লক্ষ টাকা থেকে হাতিয়ে নেওয়া হয়েছে।
প্রবুদ্ধ জানিয়েছেন, দিন কয়েক আগে তাঁর কাছে একাধিক ভুয়ো ফোন আসে। সেই ফোনে রান্নার গ্যাসের সংযোগ, বাড়ির ইলেকট্রিকের সংযোগ বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়। এমনকী, ফোনে তাঁর কাছ থেকে ওটিপিও চাওয়া হয়। কিন্তু, ওটিপি দিলে তাঁর সঙ্গে প্রতারণা হতে পারে এই আশঙ্কায় কোনও ওটিপি দেননি তিনি। এর পরে, সোমবার সকালে তিনি ব্যাঙ্কে গিয়ে কথা বলেন। ব্যাঙ্কের তরফে তাঁকে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত নম্বর পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়।
কিন্তু, ব্যাঙ্কের পরামর্শ মেনে নম্বর পরিবর্তন করেননি প্রবুদ্ধ। অভিযোগ, ব্যাঙ্ক থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ৬ লক্ষ টাকা গায়েব হয়ে যায়। প্রবুদ্ধর অভিযোগ, এই ঘটনায় ব্যাঙ্কের কর্মীরাও জড়িয়ে থাকতে পারেন। প্রবুদ্ধ জানিয়েছেন, তিনি নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ। যদিও, ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
অন্য দিকে, সাইবার প্রতারণার অপরাধে চারজনকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ। অভিযোগ, হোটেলের ঘরে বসে দেশের নানা প্রান্তের মানুষকে ফোন করে ওটিপি ও কার্ডের তথ্য সংগ্রহ করে প্রতারণা চালাত অভিযুক্তরা। জানা গিয়েছে, ধৃতদের নাম সুরেন্দ্র দাস, জিতেন্দ্র কুমার দাস, শচিন দাস ও গণেশ সর্দার। এরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের মধুপুরের বাসিন্দা। দুর্গাপুর স্টেশন সংলগ্ন সাধুডাঙা এলাকায় হোটেলের ঘর ভাড়া নিয়ে চলত এই চক্র। তল্লাশিতে হোটেলের রুম থেকে উদ্ধার হয়েছে বেশি কিছু সিম ও মোবাইল ফোন। ধৃতদের জেরা করছে পুলিশ। ধৃতদের সঙ্গে জামতাড়া গ্যাংয়ের যোগ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।