• গুদামে আচমকা আগুন, লেলিহান শিখায় ভালোবাসা মোড়ে ব্যাপক আতঙ্ক
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • নির্মান সংস্থার গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য শিলিগুড়িতে। ভালোবাসা মোড় এলাকায় রয়েছে ওই গুদামটি। মঙ্গলবারের এই ঘটনায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই চত্বরে। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘক্ষণ সময় লাগায় দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

    অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকায় পৌঁছয় দমকল ও পুলিশ। প্রথমে ২টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। আগুনের তীব্রতার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে। দীর্ঘক্ষণ ধরে গোডাউনে আগুন জ্বলতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা। ঘটনাস্থলে ভিড়ও জমে যায়। এক সময়ে দমকলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও তা নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে। এর জেরে আশপাশের বসতিপূর্ণ এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

    ঠিক কী ভাবে গোডাউনে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। গোডাউনে নির্মাণসামগ্রী-সহ কী কী জিনিস ছিল এবং আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

  • Link to this news (এই সময়)