• খাস দিল্লিতে বিখ্যাত মণিপুরি গায়ককে পিটিয়ে খুন! ‘নিরাপত্তা কোথায়?’ প্রশ্ন তুলে সরব রাহুল
    প্রতিদিন | ০৮ সেপ্টেম্বর ২০২৬
  • দিল্লি। দেশের রাজধানী। সেখানেই পিটিয়ে খুন করা হল বিখ্যাত মণিপুরি গায়ককে (Manipuri Singer)। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নিজের বাড়িতেই খুন হয়েছেন সি বিক্রম সিং। তাঁর ‘অপরাধ’, বাড়ির বাইরে মদ্যপানে বাধা দিতে গিয়েছিলেন। তারপরেই ব্যাপক মারধর করা হয় বিক্রমকে। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

    ঘটনাটি ঘটেছে দিল্লির কিলোকারি ভিলেজে। দীর্ঘদিন ধরেই ওই এলাকার বাসিন্দা ছিলেন মণিপুরি গায়ক বিক্রম। জাতিতে তিনি মেতেই। জানা গিয়েছে, ৫৪ বছর বয়সি বিক্রমের বাড়ির সামনে সোমবার রাতে একদল ডেলিভারি বয় এবং ধাবার কর্মী ভিড় জমান। মদ্যপ অবস্থায় তারা দীর্ঘক্ষণ চেঁচামেচি করতে থাকে। বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে তাদের থামতে বলেন বিক্রম। কিন্তু থামা তো দূর, বিক্রমের উপর চড়াও হয় তারা। চড়, থাপ্পড়, ঘুসি মারে বিখ্যাত গায়ককে। গুরুতর আহত অবস্থায় বিক্রমকে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

    আহত অবস্থায় বিক্রমকে হাসপাতালে নিয়ে যান তাঁর পুত্র। কিন্তু শেষ পর্যন্ত মণিপুরি গায়ককে বাঁচানো যায়নি। দিল্লি পুলিশ সূত্রে খবর, মোট আটজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। তাদের মধ্যে রয়েছে এক নাবালকও। শহরের নানা প্রান্তের ধাবা এবং খাবারের দোকানে কাজ করত এই আটজন, প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে। আপাতত গোটা ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ।

    বিক্রমের হত্যার পর রাজধানীতে উত্তর-পূর্বের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাহুল। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এতগুলো ঘটনা ঘটে গিয়েছে। তারপর দিল্লিতে থাকা উত্তর-পূর্বের প্রত্যেকটি পরিবারের মনে একটাই প্রশ্ন, তাঁরা কি আদৌ নিরাপদ? তাঁদের বিরুদ্ধে এত অপরাধ হয়ে চলেছে, সেগুলো রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা দিল্লি পুলিশ কী পদক্ষেপ করছে? সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। বিক্রমজির পরিবারকে সমবেদনা জানাই।’ ঘটনার তীব্র নিন্দা করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ইস্ট স্টুডেন্টস সোসাইটিও।
  • Link to this news (প্রতিদিন)